রাজধানীর বাজারে নতুন করে বেড়েছে আটা ও ময়দার দাম। খোলা ও প্যাকেটজাত—দুই ধরনের পণ্যই আগের তুলনায় বেশি দামে বিক্রি হচ্ছে। একই সঙ্গে ব্রয়লার মুরগি, ডিম ও বিভিন্ন ধরনের মাছের দামও বেশ চড়া। তবে সবজির বাজার তুলনামূলক স্থিতিশীল রয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর কয়েকটি বাজার ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমন চিত্র পাওয়া গেছে।
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বাজারদর অনুযায়ী, এক মাসে খোলা আটার দাম কেজিতে ৩ টাকা এবং খোলা ও প্যাকেটজাত ময়দার দাম কেজিতে ৫ টাকা বেড়েছে। তবে খুচরা বিক্রেতাদের দাবি, বাজারে প্রকৃত মূল্যবৃদ্ধি আরও বেশি।
রাজধানীর তিনটি খুচরা বাজারে খোলা আটা প্রতি কেজি ৫০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে। এক মাস আগেও এর দাম ছিল প্রায় ৪৫ টাকা। খোলা ময়দা বিক্রি হচ্ছে কেজি ৬৫ থেকে ৭০ টাকায়, যা আগে ছিল ৫৫ থেকে ৬০ টাকা।
প্যাকেটজাত ময়দার দামও বেড়েছে। বর্তমানে দুই কেজির একটি প্যাকেট ১৬০ থেকে ১৭০ টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ কেজিপ্রতি দাম পড়ছে ৮০ থেকে ৮৫ টাকা। এক মাস আগে প্যাকেটজাত ময়দার কেজি ছিল ৭০ থেকে ৭৫ টাকা।
মোহাম্মদপুর কৃষি মার্কেটের ব্যবসায়ী হুমায়ুন কবীর বলেন, আগে ৫০ কেজির এক বস্তা ময়দা ২ হাজার ৫০০ টাকায় কিনতেন। সম্প্রতি একই বস্তার দাম বেড়ে ২ হাজার ৮০০ টাকা হয়েছে। পাইকারি পর্যায়ে দাম বাড়ায় খুচরা বাজারেও এর প্রভাব পড়েছে।
আটা-ময়দার পাশাপাশি অন্যান্য কাঁচামালের মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে বেকারি পণ্যের ওপরও। সম্প্রতি বানরুটি ও বিভিন্ন বেকারি পণ্যের দাম বাড়ানোর উদ্যোগ নেওয়া হলেও ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকের পর তা আপাতত স্থগিত রাখা হয়েছে। উৎপাদন ও বাজারজাত ব্যয় যাচাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কমেনি মুরগি-ডিমের দাম
বাজারে ব্রয়লার মুরগির দামও দীর্ঘদিন ধরে তুলনামূলক বেশি। বৃহস্পতিবার প্রতি কেজি ব্রয়লার ১৯০ থেকে ২০০ টাকায় বিক্রি হয়েছে। দেড় মাস আগে একই মুরগির দাম কেজিতে প্রায় ২০ টাকা কম ছিল। এর আগে অবশ্য ব্রয়লারের দাম ১৪০ থেকে ১৫০ টাকার মধ্যেও ছিল।
ফার্মের বাদামি ডিমের এক ডজন বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। সাদা ডিম পাওয়া যাচ্ছে প্রায় ১৪০ টাকায়। দেড় মাস আগেও ডিমের দাম প্রায় একই ছিল।
এ ছাড়া সোনালি মুরগি প্রতি কেজি ৩৪০ থেকে ৩৬০ টাকা এবং হাইব্রিড বা কালারবার্ড সোনালি ৩০০ থেকে ৩৩০ টাকায় বিক্রি হচ্ছে। বিক্রেতাদের ভাষ্য, গত এক-দুই সপ্তাহে এসব মুরগির দাম উল্লেখযোগ্যভাবে কমেনি।
ব্যবসায়ীরা জানান, গত কয়েক মাসে বন্যা, অতিবৃষ্টি ও অতিরিক্ত গরমের কারণে বিভিন্ন খামারে মুরগি ও ডিমের উৎপাদন কমেছে। ফলে সরবরাহে ঘাটতি তৈরি হওয়ায় বাজারে দাম কমার সুযোগ তৈরি হচ্ছে না।
মাছের বাজারেও স্বস্তি নেই। আড়াই থেকে তিন কেজি ওজনের রুই প্রতি কেজি ৪০০ থেকে ৪২০ টাকা এবং কাতলা ৪২০ থেকে ৪৪০ টাকায় বিক্রি হচ্ছে। চাষের পাঙাশ আকারভেদে ২৫০ থেকে ৩০০ টাকা, তেলাপিয়া ২৫০ থেকে ২৮০ টাকা এবং পাবদা ৪০০ থেকে ৪৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
সব মিলিয়ে আটা-ময়দা, মুরগি, ডিম ও মাছের বাড়তি দামে চাপ বাড়ছে সাধারণ ক্রেতার ওপর। তবে বাজারে সবজির দাম আপাতত তুলনামূলক স্থিতিশীল রয়েছে।