সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম জাতীয় বেতন স্কেলের গেজেট প্রকাশ করা হয়েছে। নতুন কাঠামোয় গ্রেডভেদে মূল বেতন সর্বনিম্ন ১০০ শতাংশ থেকে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। নতুন বেতন কাঠামো চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর ধরা হলেও এর বাস্তবায়ন হবে তিন ধাপে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ শিরোনামে গেজেটটি প্রকাশ করে। এতে বেতন বৃদ্ধির পাশাপাশি চাকরিজীবীদের প্রাপ্য বকেয়া অর্থ পরিশোধের কথাও উল্লেখ করা হয়েছে।
গেজেট অনুযায়ী, প্রথম ধাপে ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা পুরোনো ও নতুন মূল বেতনের পার্থক্যের ৪০ শতাংশ পাবেন। একই সময়ে ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা পাবেন ৫০ শতাংশ।
দ্বিতীয় ধাপে ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত নবম ও তদূর্ধ্ব গ্রেডে পার্থক্যের ৭০ শতাংশ এবং ১০ম থেকে ২০তম গ্রেডে ৭৫ শতাংশ কার্যকর হবে। তৃতীয় ধাপে ১ জুলাই ২০২৭ থেকে সব কর্মকর্তা-কর্মচারী বার্ষিক ইনক্রিমেন্টসহ নতুন স্কেলের শতভাগ মূল বেতন পাবেন।
নতুন মূল বেতন কার্যকর হলেও ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িভাড়া, চিকিৎসা, উৎসব ভাতাসহ অন্যান্য ভাতা ২০২৬ সালের ৩০ জুনে প্রচলিত হারে দেওয়া হবে। নতুন হারে এসব ভাতা কার্যকর হবে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে।
নতুন কাঠামোয় চিকিৎসা ভাতায়ও পরিবর্তন আনা হয়েছে। ৫০ বছর বয়স পর্যন্ত মাসে ৩ হাজার টাকা এবং ৫০ বছরের বেশি বয়সীদের মাসিক ৪ হাজার টাকা চিকিৎসা ভাতা দেওয়ার বিধান রাখা হয়েছে। বাংলা নববর্ষ ভাতা আগের মতো মূল বেতনের ১৫ শতাংশ হারে বহাল থাকবে।
বিদ্যমান ২০টি গ্রেডই নতুন বেতন কাঠামোয় রাখা হয়েছে। প্রথম থেকে দশম গ্রেডের মূল বেতন ১০০ শতাংশ বাড়ানো হয়েছে। ফলে প্রথম গ্রেডে মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বেড়ে ১ লাখ ৫৬ হাজার টাকা হবে। ১১তম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধির হার সর্বোচ্চ ১৪২ শতাংশ। সর্বনিম্ন ২০তম গ্রেডের মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বেড়ে ২০ হাজার টাকা হবে।
অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী ও আজীবন পারিবারিক পেনশনভোগীদের ক্ষেত্রেও ধাপে ধাপে বর্ধিত নিট পেনশন কার্যকর হবে। ২০২৭ সালের ১ জুলাই থেকে তারা শতভাগ নিট পেনশন পাবেন। বয়সভেদে পেনশনভোগীদের চিকিৎসা ভাতা ৩ হাজার থেকে সর্বোচ্চ ৬ হাজার টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
সরকারের হিসাব অনুযায়ী, প্রায় ২৪ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী ও পেনশনভোগীর জন্য নতুন বেতন কাঠামো বাস্তবায়নে বছরে অতিরিক্ত প্রায় ১ লাখ ৫ হাজার কোটি টাকা ব্যয় হবে।
এর আগে আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে শনিবার গেজেটটি প্রকাশ করা হয়। অষ্টম জাতীয় বেতন কমিশনের প্রায় এক দশক পর ২০২৫ সালের ২৭ জুলাই ‘জাতীয় বেতন কমিশন, ২০২৫’ গঠন করা হয়েছিল। সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন ২৩ সদস্যের কমিশন চলতি বছরের ২১ জানুয়ারি প্রতিবেদন জমা দেয়। সেখানে বেতন-ভাতা ১০০ থেকে ১৪০ শতাংশ বাড়ানোর সুপারিশ করা হয়েছিল।
পরবর্তীতে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনিকে প্রধান করে ১০ সদস্যের বাস্তবায়ন ও সুপারিশ পর্যালোচনা কমিটি গঠন করা হয়। ওই কমিটির চূড়ান্ত সুপারিশের ভিত্তিতে ৩১ আগস্ট মন্ত্রিসভায় জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুমোদন দেওয়া হয়।