ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শরীয়তপুরে শামসুর রহমানের পরিবারকে নিয়ে সামাজিক মাধ্যমে অপপ্রচারের অভিযোগ

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার সামন্তসার উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি নির্বাচনকে ঘিরে বিশিষ্ট শিল্পপতি ও বে গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত শামসুর রহমানের পরিবারকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে। বিশেষ করে তাঁর ছেলে জিয়াউর রহমান আহাদকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত করে বিভিন্ন পোস্ট দেওয়ার অভিযোগ করেছে স্থানীয় একটি পক্ষ। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন আহাদ ও তাঁর পরিবারের ঘনিষ্ঠরা।

বিদ্যালয় সূত্র ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সামন্তসার উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে জিয়াউর রহমান আহাদের নাম অনুমোদনের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে নিয়ে বিভিন্ন মন্তব্য ও পোস্ট ছড়িয়ে পড়ে। সেখানে তাঁর রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন তোলা হয়। তবে বিদ্যালয় সংশ্লিষ্টদের দাবি, এসব প্রচারণার পেছনে সভাপতি পদকে কেন্দ্র করে ব্যক্তিগত স্বার্থ ও বিরোধ কাজ করতে পারে।

স্থানীয় কয়েকজনের ভাষ্য, জিয়াউর রহমান আহাদ কিংবা তাঁর পরিবারের সদস্যদের আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার দৃশ্যমান কোনো নজির তাঁদের জানা নেই। বরং দীর্ঘদিন ধরে পরিবারটি এলাকার শিক্ষা, সামাজিক উন্নয়ন ও বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সহযোগিতা করে আসছে।

স্থানীয় সূত্র জানায়, শিল্পপ্রতিষ্ঠান পরিচালনার পাশাপাশি নিজ এলাকায় শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন প্রয়াত শামসুর রহমান। তাঁর উদ্যোগে ও পরিবারের সহযোগিতায় গোসাইরহাট এলাকায় বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে ওঠে। এর মধ্যে সরকারি শামসুর রহমান কলেজ, আলহাজ্ব সফুরা বেগম মহিলা কলেজ, সামন্তসার উচ্চ বিদ্যালয়, হাটুরিয়া জিয়াউর রহমান আহাদ মিঞা মাধ্যমিক বিদ্যালয়, খলিলুর রহমান ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসা, আলহাজ্ব সফুরা বেগম মহিলা মাদরাসা ও আলহাজ্ব সফুরা বেগম শিশু সদনের নাম উল্লেখযোগ্য।

সামন্তসার উচ্চ বিদ্যালয়ের সঙ্গে শামসুর রহমানের পরিবারের দীর্ঘদিনের সম্পৃক্ততার কথাও জানিয়েছেন বিদ্যালয় সংশ্লিষ্টরা। তাঁদের দাবি, বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নের জন্য শামসুর রহমান প্রায় এক একর জমি দান করেন। পরে তাঁর পরিবারের পক্ষ থেকে সাত কক্ষের সেমিপাকা ভবন নির্মাণ, লাইব্রেরির আসবাব সরবরাহ, ওয়াশরুম নির্মাণ, পুরোনো ভবন সংস্কার, পুকুর ভরাট ও খেলার মাঠ সংস্কারে সহযোগিতা করা হয়। এ ছাড়া ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানেও অনুদান দেওয়া হয়েছে। বিদ্যালয়ের প্রবেশপথে গেট ও সীমানাপ্রাচীর নির্মাণেও পরিবারটি সহযোগিতা করেছে বলে জানান সংশ্লিষ্টরা।

বিদ্যালয় সূত্রের দাবি, পরিবারটির নামে কেনা আরও প্রায় ৬০ শতাংশ জমি বর্তমানে বিদ্যালয়ের খেলার মাঠ হিসেবে ব্যবহৃত হচ্ছে।

সংশ্লিষ্টরা জানান, ২০০১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত সামন্তসার উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন শামসুর রহমান। ২০২৪ সালে তাঁর মৃত্যুর পর তাঁর বড় ছেলে জিয়াউর রহমান আহাদ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হন। পরবর্তীতে জুলাই গণ-অভ্যুত্থানের পর দেশের মাধ্যমিক বিদ্যালয়গুলোর বিদ্যমান কমিটি বাতিল করা হলে নতুন করে অ্যাডহক কমিটি গঠনের উদ্যোগ নেয় শিক্ষা বোর্ড। গত জুলাই মাসে জিয়াউর রহমান আহাদকে সভাপতি করে ওই কমিটির অনুমোদন দেওয়া হয়।

এদিকে স্থানীয় সূত্রের দাবি, সভাপতি পদে আগ্রহী ছিলেন জেলা ছাত্রদলের সাবেক নেতা মো. মামুন মিয়া। আহাদকে সভাপতি করার পর তাঁর বিরুদ্ধে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ তুলে শিক্ষা বোর্ডে অভিযোগ করা হয়। এরপর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্ট ছড়িয়ে পড়ে বলে স্থানীয়রা জানান।

তবে অভিযোগটি অস্বীকার করে জিয়াউর রহমান আহাদ বলেন, সামন্তসার উচ্চ বিদ্যালয়ের সঙ্গে তাঁদের পরিবারের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। তাঁর বাবা বিদ্যালয়ের জন্য জমি দান করেছেন এবং অবকাঠামো উন্নয়নে সহযোগিতা করেছেন। এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও সামাজিক কর্মকাণ্ডেও তাঁদের পরিবার ভূমিকা রেখেছে। প্রতিষ্ঠানের স্বার্থ বিবেচনা করেই তাঁকে সভাপতি করা হয়েছে। তাঁর বিরুদ্ধে রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলেও দাবি করেন তিনি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুল ইসলাম বলেন, তাঁর জানা মতে, জিয়াউর রহমান আহাদ বা তাঁর পরিবারের আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার কোনো নজির নেই। প্রতিষ্ঠানের স্বার্থে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টদের সঙ্গে পরামর্শ করে তিনজনের নাম সভাপতি হিসেবে প্রস্তাব করে পাঠানো হয়েছিল। পরে শিক্ষা বোর্ড জিয়াউর রহমান আহাদকে সভাপতি করে অ্যাডহক কমিটির অনুমোদন দেয়।

গোসাইরহাট উপজেলা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান খান বলেন, শামসুর রহমান কিংবা তাঁর ছেলে জিয়াউর রহমান আহাদ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন—এমন কোনো প্রমাণ তাঁর জানা নেই। শিক্ষা বিস্তার ও সামাজিক কর্মকাণ্ডে পরিবারটির দীর্ঘদিনের অবদান রয়েছে। তাঁর দাবি, সভাপতি পদে মনোনীত হতে না পেরে একটি পক্ষ আহাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রচারণা চালাচ্ছে।

অভিযোগের বিষয়ে মো. মামুন মিয়ার বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে সংযুক্ত করা হবে।