ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার, ২০০টির বেশি চেকপোস্টে তল্লাশি

ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনার পর রাজধানীজুড়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। নগরীর গুরুত্বপূর্ণ সড়ক, প্রবেশপথ, ফ্লাইওভার ও বিভিন্ন পয়েন্টে ২০০টির বেশি চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে।

চেকপোস্টগুলোতে গাড়ির কাগজপত্র ও যাত্রীদের বিষয়ে যাচাই করা হচ্ছে। সন্দেহজনক মনে হলে যানবাহন ও লাগেজ তল্লাশি করা হচ্ছে। একইভাবে মোটরসাইকেল থামিয়ে চালকদের জিজ্ঞাসাবাদ এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হচ্ছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর সাতটি গুরুত্বপূর্ণ স্থানে ১৪টি ককটেল বিস্ফোরণ এবং কাফরুল থানার সামনে একটি বাসে অগ্নিসংযোগের ঘটনার পর নিরাপত্তা জোরদার করা হয়। এরপর থেকে মালিবাগ, আগারগাঁও, মহাখালী, যাত্রাবাড়ী, বাবুবাজার ও মগবাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে।

শনিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন জানান, নগরবাসীর নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীজুড়ে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। ২০০টির বেশি স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে।

তিনি বলেন, গুরুত্বপূর্ণ পয়েন্ট, ফ্লাইওভার ও রাজধানীর প্রবেশপথগুলোতে বিশেষ নজর রাখা হচ্ছে। সন্দেহজনক যানবাহনে নিবিড় তল্লাশির পাশাপাশি মোটরসাইকেলের ওপরও বিশেষ নজরদারি করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, অবৈধ মোটরসাইকেল চলাচল বন্ধের পাশাপাশি মোটরসাইকেল ব্যবহার করে যাতে কোনো ধরনের অপরাধ বা নাশকতা না ঘটে, সে বিষয়েও নজর রাখা হচ্ছে। চেকপোস্টের পাশাপাশি বিভিন্ন এলাকায় মোবাইল প্যাট্রল, ফুট প্যাট্রল ও হোন্ডা প্যাট্রল বাড়ানো হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে পিকেট ডিউটিও জোরদার করা হয়েছে।

নগরীর নিরাপত্তায় থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ (ডিবি), কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) এবং আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যদেরও মাঠে রাখা হয়েছে। নাশকতা ও গুরুতর অপরাধ প্রতিরোধে এসব ইউনিট সমন্বিতভাবে কাজ করছে।

ডিএমপি জানিয়েছে, নগরীর সব বিভাগকে সার্বক্ষণিক সতর্ক অবস্থানে রাখা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজন হলে নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হবে। ফলে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনার পর রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ও প্রবেশপথগুলোতে চেকপোস্ট, ব্যারিকেড, যানবাহনে তল্লাশি ও বাড়তি টহল অব্যাহত রয়েছে।