ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীতে বাস-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৪

পটুয়াখালীতে যাত্রীবাহী বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। আহতদের মধ্যে দুজন পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের বসাকবাজারসংলগ্ন দলুগাজীর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ইজিবাইকের চালক কাইউম প্যাদা (৫০), যাত্রী জাহাঙ্গীর হাওলাদার (৩২), শিল্পী রানী (৪০) ও তার মেয়ে বিথী রানী (২২)। তারা সবাই গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের বৌবাজার এলাকার বাসিন্দা। চিকিৎসকের কাছে মেয়ে বিথীকে নিয়ে পটুয়াখালী এসেছিলেন শিল্পী রানী। চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তারা।

পুলিশ ও বাসের আহত যাত্রীরা জানান, শনিবার রাত সাড়ে ৯টার দিকে ‘ইমরান ট্রাভেলস’ নামের বাসটি বরগুনার তালতলী থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়। রাত সাড়ে ১১টার দিকে দলুগাজীর মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এতে দুটি যানই সড়কের পাশের খাদে পড়ে যায়। সংঘর্ষে ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই কাইউম, শিল্পী ও বিথীর মৃত্যু হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইজিবাইকের আরেক যাত্রী জাহাঙ্গীর হাওলাদারের মৃত্যু হয়। দুর্ঘটনায় বাসের অন্তত সাত যাত্রীও আহত হন।

আহতদের মধ্যে লিলি বেগম (৪০) ও শামসুন্নাহার (৬০) পটুয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তারা পটুয়াখালী সদর ও কলাপাড়া উপজেলার বাসিন্দা।

পটুয়াখালী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রেজোয়ান জানান, দুটি ইউনিট ঘটনাস্থলে উদ্ধারকাজ চালায়। সেখান থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। বাসের ভেতরে কেউ আটকে আছেন কি না কিংবা পানিতে আর কোনো মরদেহ রয়েছে কি না, তা নিশ্চিত করতে রাতেও উদ্ধার অভিযান চালানো হয়।

পটুয়াখালী সদর থানার ওসি মনিরুজ্জামান জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।