ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারী বৃষ্টিতে ডুবেছে রাজধানীর বিভিন্ন সড়ক

ভারী বর্ষণে রাজধানীর বিভিন্ন সড়ক ও অলিগলি পানিতে তলিয়ে গেছে। রোববার (২০ সেপ্টেম্বর) ভোর থেকে শুরু হওয়া মুষলধারে বৃষ্টিতে মুগদা, খিলগাঁও, গোড়ান, মানিকনগর, সবুজবাগ, তালতলা, মতিঝিল, মালিবাগ, আরামবাগ, গুলিস্তান ও পল্টনসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

ভোর সোয়া ৪টার দিকে রামপুরাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় দমকা বাতাস ও বজ্রপাতের সঙ্গে বৃষ্টি শুরু হয়। কিছু সময় পর বাতাসের তীব্রতা কমলেও বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকে। টানা বৃষ্টিতে নিচু এলাকায় পানি জমে সড়ক ও ফুটপাত ডুবে যায়।

খিলগাঁওয়ের সিপাহীবাগ, মুগদা ও গোড়ানের বিভিন্ন সড়কে হাঁটুসমান পানি জমে যায়। কোথাও কোথাও পানি কোমর পর্যন্ত পৌঁছায়। মানিকনগরের ব্যবসায়িক এলাকার বেশ কিছু দোকানে পানি ঢুকে পড়ায় ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েছেন।

আরামবাগ মোড় থেকে ফকিরাপুল ও কাকরাইল সড়কের বিভিন্ন অংশে পানি জমে যান চলাচল ব্যাহত হয়। মালিবাগে প্রধান সড়ক ও ফুটপাত ছাপিয়ে পানি ঢুকে পড়ে আশপাশের দোকানে।

জলাবদ্ধতার কারণে রিকশা ও গণপরিবহন চলাচলও ব্যাহত হচ্ছে। অনেক যাত্রীকে দীর্ঘ সময় সড়কে অপেক্ষা করতে দেখা যায়, কেউ কেউ অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে যেতে বাধ্য হন।

নিউমার্কেট এলাকার রিকশাচালক হোসেন মিয়া বলেন, ‘বৃষ্টির কারণে রাস্তায় পানি উঠে গেছে। ভালো করে রিকশা চালানো যাচ্ছে না। যার কারণে সকালেই সড়কে জ্যামের সৃষ্টি হয়েছে।’

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, নালা-নর্দমায় ময়লা জমে থাকা এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে প্রতিবছর বৃষ্টির সময় একই পরিস্থিতির সৃষ্টি হচ্ছে।