ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল পৌনে ৬টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউইয়র্কের উদ্দেশে যাত্রা করেন তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে সকালে দেওয়া এক পোস্টে সফরের বিষয়টি জানানো হয়।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এছাড়া সফর দলে সরকারের কয়েকজন মন্ত্রিপরিষদ সদস্য, রাজনীতিক, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তারা রয়েছেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণকে কেন্দ্র করে তার সফরসূচিতে বিভিন্ন কর্মসূচি রয়েছে বলে জানা গেছে। অধিবেশনে তিনি বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

প্রধানমন্ত্রী হিসেবে এটি জাতিসংঘ সাধারণ পরিষদে তার প্রথম ভাষণ দেওয়ার সফর। নিউইয়র্কে অবস্থানকালে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে তার বৈঠক ও মতবিনিময়ের কর্মসূচি থাকতে পারে।