ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অপ্রতীম হত্যা: আদালতে দায় স্বীকার করে তিন আসামির জবানবন্দি

কুমিল্লায় ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতীম (১৩) হত্যা মামলায় গ্রেপ্তার তিন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। রোববার (২০ সেপ্টেম্বর) রাতে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ৬ নম্বর আমলি আদালতের বিচারক আবিদা সুলতানা মলির আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তাদের জবানবন্দি নেওয়া হয়।

জবানবন্দি গ্রহণ শেষে রাত সাড়ে ৯টার দিকে তিন আসামিকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। কুমিল্লা জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, রোববার বেলা ৩টার দিকে তিন আসামিকে আদালতে হাজির করা হয়। তারা স্বেচ্ছায় হত্যাকাণ্ডের বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হলে আদালত তাদের বক্তব্য গ্রহণ করেন। পুলিশের দাবি, জবানবন্দিতে তারা অপ্রতীমকে হত্যার দায় স্বীকার করেছেন।

মামলার প্রধান আসামি সাইফুল ইসলাম ওরফে তুহিনের বয়স ১৯ বছর। তার বাড়ি কুমিল্লা সদর দক্ষিণ থানার সানন্দা এলাকায়। তিনি কুমিল্লা সিটি কলেজের একাদশ শ্রেণিতে পড়ার সময় ২০২৫ সালে পড়াশোনা ছেড়ে দেন। পুলিশ তাকে হত্যাকাণ্ডের মূল হোতা হিসেবে উল্লেখ করেছে।

অপর দুই আসামি অপ্রাপ্তবয়স্ক। তাদের বয়স ১৫ ও ১৬ বছর। তাদের মধ্যে একজন নবম শ্রেণির শিক্ষার্থী। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।

পুলিশের ভাষ্য অনুযায়ী, অপ্রতীমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় হত্যা মামলা করেন। মামলায় প্রাথমিকভাবে আসামিদের নাম উল্লেখ করা হয়নি। পরে তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

এর আগে রোববার দুপুরে সংবাদ সম্মেলনে কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, অপ্রতীমের মায়ের আইফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে তাকে লালমাই পাহাড়ের সানন্দা এলাকার একটি নির্জন জঙ্গলে নিয়ে যাওয়া হয় বলে তদন্তে তথ্য পাওয়া গেছে। সেখানে ফোন ছিনিয়ে নেওয়ার সময় বাধা দিলে বাঁশের লাঠি দিয়ে তার মাথায় আঘাত করা হয়। এতে তার মৃত্যু হয় বলে পুলিশের দাবি।

পুলিশ আরও জানায়, তুহিনের দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার রাতে অপ্রতীমের ব্যবহৃত আইফোনটি তার বাসার খাটের তোশকের নিচ থেকে উদ্ধার করা হয়েছে।

তদন্ত কর্মকর্তারা জানান, অপ্রতীম নিখোঁজ হওয়ার পর বিভিন্ন সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তুহিনকে শনাক্ত করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদে আরও দুজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেলে তাদেরও আটক করা হয়।

এখন আদালতে দেওয়া জবানবন্দির তথ্য এবং অন্যান্য আলামত যাচাই করে দেখছে পুলিশ। হত্যাকাণ্ডে আরও কেউ জড়িত কি না, সেটিও তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান।

গত শুক্রবার কুমিল্লার কোটবাড়ির গন্ধমতী এলাকার ভাড়া বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় অপ্রতীম। পরদিন শনিবার দুপুরে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের নির্জন জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। অপ্রতীম কুমিল্লা বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।