ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাদুর চেরাগ পেলে নিজের জন্য কিছুই চাইবেন না রশ্নাই

আছে শুধুই একটি বাংলা ঘর, নেই জীবিকার কোনো নিশ্চয়তা। নিজের অসুস্থতার সময় সরকারি ওষুধ ছাড়া ওষুধ কেনার সামর্থ্যও নেই। সম্পত্তি বলতে একটি বাংলা ঘর। চরে পাটকাঠি কুড়ান, লাকড়ি কুড়ান, ঘাস কাটেন। এভাবেই চলে তাঁর সংসার।

তবুও যদি হাতে আসে আলাদিনের জাদুর চেরাগ, নিজের জন্য কিছুই চাইবেন না তিনি। চাইবেন গ্রামের অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াতে।

কৃষক মো. রশ্নাই শেখের বাড়ি সিরাজগঞ্জের এনায়েতপুর থানার ৯ নম্বর খুকনি ইউনিয়নের ব্রাহ্মণগ্রামে।

সম্প্রতি শোন্তসা চরে গিয়ে রশ্নাই শেখের সঙ্গে কথা হয়। বিস্তীর্ণ মাঠের একটি বড়ই গাছের নিচে একা বসে আপনমনে গান গাইছিলেন তিনি। চারপাশে বিস্তীর্ণ চর, আবাদি জমি আর নীরব পরিবেশ। সেই নীরবতার মধ্যে তাঁর কণ্ঠে ভেসে আসছিল লালন সাঁইয়ের গান। কাছে গিয়ে কথা বলতেই ধীরে ধীরে খুলে যেতে থাকে তাঁর জীবনের গল্পের অধ্যায়।

রশ্নাই শেখের জীবনের বড় একটি অংশ কেটেছে চরেই। চরের বিভিন্ন জায়গা থেকে পাটকাঠি ও লাকড়ি কুড়িয়ে আনেন, ঘাস কাটেন। এসব কাজ করেই চলে তাঁর দিন, চলে তাঁর জীবিকা।

নিজের সম্পদের হিসাব জানতে চাইলে রশ্নাই শেখের উত্তর খুবই সংক্ষিপ্ত। স্থাবর-অস্থাবর সম্পত্তির মধ্যে আছে একটি বাংলা ঘর। এর বাইরে উল্লেখ করার মতো আর কিছু নেই।

পরিস্থিতি এমন যে, জ্বর হলেও নিজের টাকায় ওষুধ কেনার সামর্থ্য নেই। একমাত্র ভরসা সরকারি ওষুধ।

কথার একপর্যায়ে তিনি বলেন, “খাওয়া-দাওয়া শেষ, বেইমানি শুরু।” কথাটি শুনে মনে হতে পারে, হয়তো কোনো নির্দিষ্ট ঘটনার কথা বলছেন তিনি। কিন্তু তাঁর সঙ্গে আরও কিছুক্ষণ কথা বললে বোঝা যায়, এই কথার পেছনে রয়েছে জীবনের দীর্ঘ অভিজ্ঞতা।

তবে রশ্নাই শেখের আসল ব্যক্তিত্ব সামনে আসে একটি কাল্পনিক প্রশ্নের মাধ্যমে।

তাঁকে যদি হঠাৎ বলা হয়, ‘আপনার হাতে আলাদিনের জাদুর চেরাগ এসেছে। যা ইচ্ছা, তাই চাইতে পারবেন—তাহলে কী চাইবেন?’

প্রশ্নটি শুনে নিজের জন্য একটি বাড়ি, টাকা কিংবা স্বচ্ছল জীবনের কথা বলতে পারতেন রশ্নাই শেখ। কিন্তু তাঁর উত্তর ছিল অন্য রকম।

যে মানুষটির জীবনে থাকার মতো একটিমাত্র বাংলা ঘর ছাড়া আর কিছু নেই, নেই চিকিৎসার নিশ্চয়তা, ভরসা শুধু সরকারি ওষুধের ওপর, জীবিকা নির্ভর করে চরের ছোটখাটো কাজের ওপর—তিনি চাইলে নিজের জন্য অনেক কিছুই চাইতে পারতেন।

কিন্তু তিনি চাইলেন গ্রামের টাকার অভাবে যেসব মেয়ের বিয়ে হচ্ছে না, তাদের বিয়ের ব্যবস্থা করতে। যারা অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছে না, তাদের সাহায্য করতে। যারা ঠিকমতো খাবার খেতে পারছে না, তাদের পাশে দাঁড়াতে।

নিজের জীবনে অভাব থাকার পরও অন্যের অভাবই যেন তাঁকে বেশি ভাবায়।

আর নিজের জন্য তাঁর শেষ চাওয়া?

জীবনের শেষ সময়ে তাঁর বুকে যেন আল্লাহর কোরআন থাকে। তিনি যেন কোরআনকে নিজের বুকে ধারণ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারেন।

চরের বিস্তীর্ণ জমিতে একমনে গান গাওয়া রশ্নাই শেখের জীবনে হয়তো নেই স্বচ্ছলতার গল্প। নেই বড় কোনো সম্পদ, নেই নিশ্চিত জীবিকার নিশ্চয়তা। কিন্তু সীমিত সামর্থ্যের এই মানুষটির ভাবনায় জায়গা করে নিয়েছে অভাবগ্রস্ত ও অসহায় মানুষের প্রতি ভালোবাসা এবং তাদের পাশে দাঁড়ানোর ইচ্ছা।

মানুষের বড় হওয়ার মাপকাঠি সবসময় অর্থ দিয়ে নির্ধারিত হয় না। কখনো কখনো একজন মানুষের মহত্ত্ব প্রকাশ পায়, সে অন্যের জন্য কতটা ভাবতে পারে তার মধ্য দিয়ে। রশ্নাই শেখের জীবন ও ব্যক্তিত্ব যেন তারই এক দৃষ্টান্ত।

লেখক:
১. জোবায়ের আহম্মেদ, প্রভাষক, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ, অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
২. ফরহাদ আলম, প্রভাষক, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ, অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
৩. আরিফুল ইসলাম, শিক্ষার্থী, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ, অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।