ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শরীয়তপুরে ৯০০ গ্রাহককে ৩ কোটি ৩৭ লাখ টাকার বীমা দাবি পরিশোধ

শরীয়তপুরে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৯০০ গ্রাহককে ৩ কোটি ৩৭ লাখ ২৩ হাজার টাকার বীমা দাবির চেক দেওয়া হয়েছে।

সোমবার দুপুরে শহরের দুবাই প্লাজায় প্রতিষ্ঠানটির কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে গ্রাহকদের হাতে এসব চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে কোম্পানির কর্মকর্তা-কর্মচারী ও বিপুলসংখ্যক গ্রাহক অংশ নেন।

পপুলার লাইফ ইন্স্যুরেন্সের শরীয়তপুর শাখার সমন্বয়কারী সৈয়দ জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বি. এম. ইউসুফ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি. এম. শওকত আলী।

অনুষ্ঠানে কোম্পানির ঊর্ধ্বতন উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোতাহার হোসেন, ইসলামী বিমা (তাকাফুল) প্রকল্পের ইনচার্জ মো. জিয়া উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বি. এম. ইউসুফ আলী বলেন, গ্রাহকদের আর্থিক নিরাপত্তা ও আস্থা ধরে রাখতে পপুলার লাইফ ইন্স্যুরেন্স গুরুত্ব দিয়ে কাজ করছে। যথাযথ যাচাই শেষে দ্রুততম সময়ে প্রকৃত বীমা দাবি পরিশোধের মাধ্যমে গ্রাহকসেবার মান আরও উন্নত করার চেষ্টা চলছে।

অনুষ্ঠান শেষে ৯০০ গ্রাহকের মধ্যে মোট ৩ কোটি ৩৭ লাখ ২৩ হাজার টাকার বীমা দাবির চেক বিতরণ করা হয়।