ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আ’লীগ নেতাকে না পেয়ে কিশোর ছেলেকে ডিবিতে নেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

বরিশাল সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ মহানগর আওয়ামী লীগের সদস্য এনামুল হক বাহারকে গ্রেপ্তারে বাসায় অভিযান চালিয়ে তাকে না পেয়ে তার ১৬ বছর বয়সী ছেলেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) ধরে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের দরগাবাড়ি সড়কের তিতুমীর লেন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

আটক কিশোর বাফতিন আহমেদ জিহান এ বছর বরিশাল জিলা স্কুল থেকে এসএসসি পাস করেছে। তার মা সাথী আক্তারের দাবি, তার স্বামী এনামুল হক বাহারের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক মামলাগুলোতে তিনি জামিনে রয়েছেন। এরপরও তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ বাসায় অভিযান চালায়। বাহারকে না পেয়ে ডিবি সদস্যরা তার ছেলেকে নিয়ে যান বলে অভিযোগ করেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রায় এক মিনিট ১৪ সেকেন্ডের ভিডিওতে কয়েকজন সাদা পোশাকের ব্যক্তিকে কিশোর জিহানকে টেনে নিয়ে যেতে দেখা যায়। এ সময় তার মা তাকে আটকানোর চেষ্টা করেন। একপর্যায়ে ধাক্কাধাক্কির মধ্যে তিনি মাটিতে পড়ে যান। পরে একটি পিকআপে করে জিহানকে নিয়ে যাওয়া হয় বলে ভিডিওতে দেখা গেছে।

সাথী আক্তারের ভাষ্য, জোহরের নামাজ পড়তে তার স্বামী মসজিদে গেলে ওই সময় ডিবি সদস্যরা বাসায় অভিযান চালান। তিনি পুলিশকে স্বামীর জামিনের কাগজ দেখানোর কথা জানালেও ছেলেকে নিয়ে যাওয়া হয় বলে দাবি করেন। বাধা দিতে গেলে তাকে ধাক্কা দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

ঘটনার বিষয়ে মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। ফলে অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন উল ইসলাম বলেন, ২৩ নম্বর ওয়ার্ড এলাকা থেকে ডিবি একজন কিশোরকে আটক করেছে বলে তিনি শুনেছেন। তবে ওই কিশোরকে এখনো থানায় হস্তান্তর করা হয়নি।

ঘটনার পর কিশোরকে কেন আটক করা হয়েছে এবং তাকে কোথায় রাখা হয়েছে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।