শরীয়তপুরের ভেদরগঞ্জে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে মোসলেম উদ্দিন খান (৬৮) ও তাঁর ছেলে মো. রিয়াদ খানকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রিয়াদ খান আল আমিন শেখ, নিজাম শেখ, সুমন শেখসহ অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনের বিরুদ্ধে ভেদরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
অভিযোগ সূত্রে জানা গেছে, ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের কার্তিকপুর (মধুপুর) গ্রামের বাসিন্দা রিয়াদ খানের সঙ্গে অভিযুক্তদের ভাগ্নি নওশিনের বিয়ে হয়েছিল। পরে তাঁদের মধ্যে বিবাহবিচ্ছেদ হয়। তাঁদের দাম্পত্য জীবনে একটি ছেলে সন্তান রয়েছে। বিচ্ছেদের পর সন্তান মায়ের কাছে থাকবে এবং তার ভরণপোষণের জন্য রিয়াদ প্রতি মাসে পাঁচ হাজার টাকা দেবেন—এমন সিদ্ধান্ত পারিবারিকভাবে নেওয়া হয়েছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
রিয়াদের অভিযোগ, সন্তানের ভরণপোষণের টাকা নিয়ে দুই পরিবারের মধ্যে নতুন করে বিরোধ দেখা দেয়। নওশিনের পক্ষ থেকে কয়েক বছরের টাকা একসঙ্গে পরিশোধের দাবি জানানো হলেও তিনি তাতে সম্মত হননি। এ নিয়ে বিরোধের জেরে গত ১৯ সেপ্টেম্বর কার্তিকপুর-মধুপুর এলাকার একটি সেতুর ওপর তাঁর বাবা মোসলেম উদ্দিনের ওপর হামলা করা হয়।
অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা দেশীয় অস্ত্র নিয়ে মোসলেম উদ্দিনকে মারধর করেন। একপর্যায়ে লোহার রড দিয়ে তাঁর মাথার পেছনে আঘাত করা হলে তিনি রক্তাক্ত হন। খবর পেয়ে রিয়াদ ঘটনাস্থলে গেলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগ করেন তিনি।
পরে স্থানীয়রা আহত বাবা-ছেলেকে উদ্ধার করে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। থানায় অভিযোগ করার পর থেকে তাঁকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে বলেও রিয়াদ অভিযোগ করেন।
এদিকে অভিযুক্তদের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। তবে অভিযুক্তদের চাচা পরিচয়ে আবুল শেখ অভিযোগের বিষয়ে ভিন্ন বক্তব্য দেন। তিনি বলেন, রিয়াদ ও নওশিনের বিবাহবিচ্ছেদ গ্রাম্য সালিশের মাধ্যমে হয়েছে। সালিশে সন্তান নওশিনের কাছে থাকবে এবং রিয়াদ প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে সন্তানের ভরণপোষণ দেবেন বলে সিদ্ধান্ত হয়।
আবুল শেখের দাবি, চার মাস ধরে রিয়াদ ওই টাকা না দেওয়ায় বিষয়টি নিয়ে আবার সালিশ বসে। কিন্তু সেখানে রিয়াদের পরিবারের কেউ উপস্থিত ছিলেন না। ঘটনার দিন রিয়াদকে সেখানে ডেকে নেওয়া হয়। পরে তিনি সেখানে গেলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।
ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্তের জন্য একজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্তের পর ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।