বরিশালের মেহেন্দিগঞ্জের দুর্গম চরাঞ্চলের চিকিৎসাবঞ্চিত মানুষের জন্য এসেছে আধুনিক ভাসমান হাসপাতাল। আগামী শনিবার থেকে জাহাজটিতে শুরু হচ্ছে দুই মাসব্যাপী বিনামূল্যের চিকিৎসাসেবা। প্রত্যন্ত এলাকার মানুষের দোরগোড়ায় চিকিৎসা পৌঁছে দিতে নেওয়া এ উদ্যোগে প্রতিদিন শত শত রোগী চিকিৎসা ও ওষুধ পাওয়ার সুযোগ পাবেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) উপজেলার বিদ্যানন্দপুর ইউনিয়নে নোঙর করেছে ‘কিং আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ মোবাইল হাসপাতাল’ (কেএএপি-এমএইচবি-৫)। মধ্যপ্রাচ্যের একটি দাতা সংস্থার অর্থায়নে পরিচালিত এ ভাসমান হাসপাতালে বিভিন্ন ধরনের চিকিৎসাসেবা দেওয়া হবে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইমরানুর হক জানান, প্রতিদিন প্রায় ১৫০ থেকে ২০০ রোগী বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ পাবেন। নির্ধারিত দিনে চোখ, দাঁত ও হাড়ের বিশেষজ্ঞ চিকিৎসকরাও রোগী দেখবেন। পাশাপাশি ছোটখাটো অস্ত্রোপচারও বিনামূল্যে করা হবে।
চিকিৎসা নিতে আসা রোগীদের যাতায়াতের সুবিধার জন্য বিশেষ শাটল নৌযানের ব্যবস্থাও রাখা হয়েছে। ফলে নদীবেষ্টিত চরাঞ্চলের বাসিন্দাদের হাসপাতালে পৌঁছানোর ভোগান্তি কিছুটা কমবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
স্বাস্থ্য কর্মকর্তা জানান, ভাসমান হাসপাতালটি উপজেলা সদরে নোঙর করার উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে স্থানীয়দের আপত্তির কারণে শেষ পর্যন্ত বিদ্যানন্দপুর ইউনিয়নে এটি স্থাপন করা হয়েছে। এতে সদর ও দক্ষিণপাড়ের চারটি ইউনিয়নের বাসিন্দাদের কিছুটা অতিরিক্ত দূরত্ব অতিক্রম করতে হতে পারে।
তবে দীর্ঘদিন ধরে আধুনিক চিকিৎসাসেবা থেকে দূরে থাকা চরাঞ্চলের মানুষের মধ্যে ভাসমান হাসপাতাল আসায় স্বস্তি দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দা জয়নাল ও ফাতেমা জানান, প্রত্যন্ত এলাকায় চিকিৎসকের সুযোগ সীমিত থাকায় অনেক সময় ওঝা-কবিরাজের ওপর নির্ভর করতে হয়। এবার স্বল্প সময়ের জন্য হলেও বিশেষজ্ঞ চিকিৎসা ও ওষুধ পাওয়ার সুযোগ তৈরি হওয়ায় তারা আশাবাদী।