শরীয়তপুরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল থেকে আলীম মোল্লা নামে এক কর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় তার হাতে মিছিলে ব্যবহৃত একটি ব্যানার ছিল বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলা ও ডামুড্যা উপজেলার সীমান্তবর্তী রুদ্রকর ইউনিয়নের লাঙ্গলভাঙ্গা এলাকায় মিছিল চলাকালে ধাওয়া দিয়ে তাকে আটক করা হয়। পরে বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আটক আলীম মোল্লা সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের দড়িচর দাদপুর এলাকার মৃত আব্দুর রউফ মোল্লার ছেলে। পুলিশ জানিয়েছে, তিনি শরীয়তপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বর্তমানে জেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে লাঙ্গলভাঙ্গা এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল বের করেন। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ ধাওয়া করে আলীম মোল্লাকে আটক করে। তার কাছ থেকে মিছিলে ব্যবহৃত একটি ব্যানার উদ্ধার করা হয় বলে পুলিশ দাবি করেছে।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, মিছিলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তখন ধাওয়া করে আলীম মোল্লাকে আটক করা হয়।
ওসি আরও জানান, আটকের সময় তার হাতে মিছিলে ব্যবহৃত ব্যানারটি পাওয়া যায়। পরে তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয় এবং বুধবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।