জ্বালানি তেলের দাম বাড়ার পর দূরপাল্লার বাসের ভাড়া পুনর্নির্ধারণ করেছে সরকার। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সেপ্টেম্বর ২০২৬-এর নতুন তালিকায় ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ৫১ ও ৪০ আসনের বাসের জন্য আলাদা ভাড়া নির্ধারণ করা হয়েছে।
বিআরটিএর পুনর্নির্ধারিত তালিকা অনুযায়ী, দূরপাল্লার বাসে কিলোমিটারপ্রতি ভাড়া ২ টাকা ৪০ পয়সা হিসেবে হিসাব করা হয়েছে। এর সঙ্গে রুটভেদে সেতু, ফেরি ও অন্যান্য প্রযোজ্য টোল যুক্ত হওয়ায় যাত্রীদের পরিশোধ করতে হবে নির্ধারিত মূল ভাড়ার চেয়ে বেশি অর্থ।
সায়দাবাদ বাস টার্মিনাল থেকে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলের বিভিন্ন রুটে নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সায়দাবাদ থেকে ১৭১ কিলোমিটার দূরের বরিশাল রুটে টোলসহ ৫১ আসনের বাসে জনপ্রতি ভাড়া ৪৯৩ টাকা এবং ৪০ আসনের বাসে প্রায় ৬২৯ টাকা।
২১০ কিলোমিটার দূরের পটুয়াখালী রুটে ৫১ আসনের বাসে ভাড়া ৬০৫ টাকা এবং ৪০ আসনের বাসে প্রায় ৭৭২ টাকা। আর ২৮০ কিলোমিটার দূরের কুয়াকাটা রুটে ৫১ আসনের বাসে জনপ্রতি ভাড়া প্রায় ৭৮১ টাকা এবং ৪০ আসনের বাসে প্রায় ৯৯৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
সায়দাবাদ থেকে বরগুনার দূরত্ব ২৫৩ কিলোমিটার। এ রুটে ৫১ আসনের বাসে ভাড়া প্রায় ৭১৭ টাকা এবং ৪০ আসনের বাসে প্রায় ৯১৪ টাকা।
সিলেটের ২৫৭ কিলোমিটার রুটে টোলসহ ৫১ আসনের বাসে জনপ্রতি ভাড়া ৬২৪ টাকা এবং ৪০ আসনের বাসে প্রায় ৭৯৬ টাকা। একইভাবে জকিগঞ্জ রুটে ৫১ আসনের বাসে ভাড়া প্রায় ৮৪৮ টাকা এবং ৪০ আসনের বাসে প্রায় ১ হাজার ৮১ টাকা।
অন্যদিকে, মহাখালী বাস টার্মিনাল থেকেও দেশের বিভিন্ন জেলার রুটে নতুন ভাড়া কার্যকর করা হয়েছে। তালিকায় ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা ও কিশোরগঞ্জের পাশাপাশি উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা এবং সিলেট ও কক্সবাজারের রুট রয়েছে।
মহাখালী থেকে ২৯৭ কিলোমিটার দূরের রংপুর রুটে টোলসহ ৫১ আসনের বাসে জনপ্রতি ভাড়া ৭৪১ টাকা এবং ৪০ আসনের বাসে প্রায় ৯৪৫ টাকা। ৩৫৭ কিলোমিটার দূরের নীলফামারী রুটে ৫১ আসনের বাসে ভাড়া প্রায় ৮৮৫ টাকা এবং ৪০ আসনের বাসে প্রায় ১ হাজার ১২৮ টাকা।
পঞ্চগড়ের ৪৩৮ কিলোমিটার রুটে ৫১ আসনের বাসে টোলসহ ভাড়া প্রায় ১ হাজার ৭৯ টাকা এবং ৪০ আসনের বাসে প্রায় ১ হাজার ৩৭৬ টাকা। মহাখালী থেকে সিলেট রুটে ৫১ আসনের বাসে ভাড়া প্রায় ৫৯৯ টাকা এবং ৪০ আসনের বাসে প্রায় ৭৬৩ টাকা।
এ ছাড়া মহাখালী থেকে ৩৯৬ কিলোমিটার দূরের কক্সবাজার রুটে টোলসহ ৫১ আসনের বাসে জনপ্রতি ভাড়া প্রায় ৯৬৭ টাকা এবং ৪০ আসনের বাসে প্রায় ১ হাজার ২৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিআরটিএর তালিকা অনুযায়ী, কোনো রুটে সেতু, ফেরি বা অন্যান্য কর্তৃপক্ষের টোল থাকলে তা যাত্রীদের ভাড়ার সঙ্গে যুক্ত হবে। বিশেষ করে পদ্মা বহুমুখী সেতু ব্যবহারকারী দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে সেতুর টোলের কারণে ভাড়ায় অতিরিক্ত অর্থ যোগ হচ্ছে।
এ ছাড়া গুলিস্তান-যাত্রাবাড়ী ফ্লাইওভার ব্যবহারকারী বাসের ক্ষেত্রেও টোল প্রযোজ্য হবে। ৫১ আসনের বাসে যাত্রীপ্রতি ৭ টাকা এবং ৪০ আসনের বাসে ৯ টাকা হারে টোল যুক্ত করার কথা তালিকায় উল্লেখ রয়েছে।
বিআরটিএ জানিয়েছে, নতুন ভাড়ার তালিকা তৈরির সময় সড়ক ও জনপথ অধিদপ্তর থেকে পাওয়া দূরত্ব এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর টোল ও ফেরি ভাড়ার তথ্য বিবেচনায় নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনসহ (বিআইডব্লিউটিসি) সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য ব্যবহার করা হয়েছে।
তালিকায় কোনো রুটের দূরত্ব বা ভাড়ার পরিমাণে অসঙ্গতি পাওয়া গেলে যথাযথ প্রমাণের ভিত্তিতে তা সংশোধনের ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে বিআরটিএ।