ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতিসংঘ অধিবেশনের ফাঁকে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফরে থাকা প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন দেশের সরকারপ্রধান ও মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় ও সাইডলাইন বৈঠক করেছেন। এসব বৈঠকে বাংলাদেশের সঙ্গে সংশ্লিষ্ট দেশগুলোর সম্পর্ক আরও জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো এবং অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়েছে।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব একেএম নাজমুল হক জানান, জাতিসংঘের অধিবেশনকে কেন্দ্র করে অনুষ্ঠিত এসব বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়েও মতবিনিময় করেন নেতারা।

২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে বৈঠক করেন তারেক রহমান। সেখানে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগ, অর্থনৈতিক সহযোগিতা, দক্ষ জনশক্তি, শিক্ষা ও প্রযুক্তি খাতে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

জাতিসংঘসহ বিভিন্ন বহুপক্ষীয় ফোরামে দুই দেশের মধ্যে সমন্বয় বাড়ানো এবং অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট আন্তর্জাতিক ইস্যুতে সহযোগিতা জোরদারের বিষয়েও গুরুত্ব দেন দুই নেতা।

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুলের সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠক করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এ সময় দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং বিদ্যমান সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

২৪ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ বিতর্কে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বক্তব্যের পর বাংলাদেশের পক্ষে বক্তব্য দেন তারেক রহমান।

এদিকে সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী মারিয়া মালমের স্টেনারগার্ডের সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ ও সুইডেনের স্বাস্থ্য ও উন্নয়ন সহযোগিতার বিভিন্ন বিষয় গুরুত্ব পায়।

জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) আয়োজিত একটি উচ্চপর্যায়ের অনুষ্ঠানে প্রাথমিক স্বাস্থ্যসেবায় মিডওয়াইফারির ভূমিকা আরও জোরদার এবং মা ও নবজাতকের স্বাস্থ্যসেবা সম্প্রসারণে সহযোগিতার বিষয়ে বাংলাদেশ ও সুইডেনের পক্ষ থেকে অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

বৈঠকগুলোতে অর্থনৈতিক অংশীদারত্ব, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের পাশাপাশি আন্তর্জাতিক ও বহুপক্ষীয় ফোরামে পারস্পরিক যোগাযোগ ও সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।