ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে ট্রলারডুবি, ৩২ ঘণ্টায়ও নিখোঁজ একই পরিবারের ৪ জন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে ট্রলারডুবির ঘটনায় একই পরিবারের নিখোঁজ চারজনের সন্ধান ৩২ ঘণ্টা পেরিয়ে গেলেও মেলেনি। তবে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের অভিযানে ডুবে যাওয়া ট্রলার ও কয়েকটি গবাদিপশু উদ্ধার করা হয়েছে।

নিখোঁজ চারজন হলেন কুমিল্লার হোমনা উপজেলার বাসিন্দা হেলাল উদ্দিন (৫৫), তাঁর পরিবারের সদস্য সজীব (২৪), সামিয়া (১৭) ও সামিন (৫)। তাঁরা আত্মীয়ের বিয়েতে যোগ দিতে কুমিল্লা থেকে নারায়ণগঞ্জের বৈদ্যেরবাজারের উদ্দেশে রওনা হয়েছিলেন।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিভিন্ন এলাকা থেকে ১৪ জন যাত্রী গরু-ছাগলসহ একটি ট্রলারে করে বৈদ্যেরবাজার ইউনিয়নের হারিয়া এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। বিকেল ২টার দিকে ট্রলারটি সোনাময়ী এলাকায় পৌঁছালে হঠাৎ ঝড়ের কবলে পড়ে নদীতে ডুবে যায়।

ট্রলারডুবির পর কাছাকাছি থাকা আমান কোম্পানির একটি ট্রলার দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে। তারা নয়জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও রায়েসা বেগম (৪০) নামে এক নারীকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। একই পরিবারের চারজনসহ কয়েকজন তখনও নিখোঁজ ছিলেন।

খবর পেয়ে স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। সন্ধ্যা হয়ে যাওয়ায় প্রথম দিনের অভিযান বন্ধ করা হয়। পরে শুক্রবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে তল্লাশি চালায়। দীর্ঘ সময় অভিযান চালিয়েও নিখোঁজ চারজনের কোনো সন্ধান পাওয়া যায়নি।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, দিনভর ডুবুরি দলের সদস্যরা উদ্ধার অভিযান পরিচালনা করেছেন। নিখোঁজদের সন্ধান পাওয়া যায়নি। তবে ডুবে যাওয়া ট্রলার ও গরু-ছাগল উদ্ধার করা হয়েছে। শনিবার আবারও ডুবুরি দল নদীতে নামবে। ঘটনাস্থলে বর্তমানে ফায়ার সার্ভিসের একটি দল অবস্থান করছে।

স্বজনরা নিখোঁজ চারজনের সন্ধানের অপেক্ষায় রয়েছেন। নদীতে দীর্ঘ সময় ধরে তল্লাশি চললেও তাদের সন্ধান না পাওয়ায় পরিবার ও স্বজনদের মধ্যে উদ্বেগ বাড়ছে। শনিবারও উদ্ধার অভিযান চালানোর কথা জানিয়েছে ফায়ার সার্ভিস।