রাজধানীর কাকলীতে মধ্যরাতে একটি ফুটওভার ব্রিজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে সেতুটির একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।
রোববার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে কাকলীর ফুটওভার ব্রিজে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, আগুন লাগার প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
অগ্নিকাণ্ডে ফুটওভার ব্রিজের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আসার পরও ক্ষতিগ্রস্ত অংশ পরিষ্কার না করায় সেখান দিয়ে চলাচলের ক্ষেত্রে পথচারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।