ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আদালতে হাজিরা শেষে কারাগারে ফেরার পথে পালাল ২৫ মামলার আসামি

ঢাকার আদালতে হাজিরা শেষে গাজীপুরের কাশিমপুর কারাগারে ফেরার পথে প্রিজনভ্যান থেকে পালিয়েছেন রাজা ওরফে পিচ্চি রাজা নামে এক আসামি। পুলিশের তথ্যমতে, তার বিরুদ্ধে মাদক ও অস্ত্রসহ ২৫টি মামলা রয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে গাজীপুরের নাওজোড় এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর সিনিয়র জেল সুপার মো. নজরুল ইসলাম।

কারাগার ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সকালে ঢাকা মেট্রোপলিটন আদালতে হাজিরার জন্য রাজা ওরফে পিচ্চি রাজাকে প্রিজনভ্যানে করে ঢাকায় নেওয়া হয়। আদালতের কার্যক্রম শেষে তাকে ফের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এ নেওয়া হচ্ছিল।

প্রিজনভ্যানটি গাজীপুরের নাওজোড় এলাকায় পৌঁছালে রাজা প্রাকৃতিক কাজ সারার কথা বলে শৌচাগারে যাওয়ার সুযোগ চান। দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাকে একটি শৌচাগারে নিয়ে গেলে সেখানে সুযোগ বুঝে তিনি পালিয়ে যান।

পুলিশের মোহাম্মদপুর থানা সূত্র জানায়, চলতি বছরের ১৯ মে মোহাম্মদপুর এলাকার মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাজা ওরফে পিচ্চি রাজাকে গ্রেপ্তার করা হয়। তিনি তার স্ত্রী ও শ্যালকসহ নেপাল থেকে দেশে ফেরার পর বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় তাদের হেফাজতে নেওয়া হয়েছিল।

রাজা ওরফে পিচ্চি রাজার বিরুদ্ধে মাদক ও অস্ত্রসহ ২০ থেকে ২৫টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পালিয়ে যাওয়ার পর তাকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপরতা শুরু করেছে।