দেশের মডেল মসজিদগুলোতে কর্মরত ইমাম, মুয়াজ্জিন, খাদিম ও নিরাপত্তা প্রহরীদের সম্মানি ও বেতন-ভাতার কাঠামো নির্ধারণ করেছে সরকার। নতুন ‘মডেল মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা, ২০২৬’-এ এসব পদের সম্মানি, উৎসব ভাতা এবং দায়িত্বের বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে।
ধর্মবিষয়ক মন্ত্রণালয় ২৪ সেপ্টেম্বর এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এতে মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ এনডিসি স্বাক্ষর করেন।
নীতিমালা অনুযায়ী, মডেল মসজিদের পেশ ইমাম মাসে ২০ হাজার টাকা, মুয়াজ্জিন ১৫ হাজার টাকা এবং খাদিম ১২ হাজার টাকা সম্মানি পাবেন। খতিব ও নিরাপত্তা প্রহরীর সম্মানি চুক্তির ভিত্তিতে নির্ধারণ করা হবে।
তবে আর্থিকভাবে সক্ষম মডেল মসজিদ ব্যবস্থাপনা কমিটি চাইলে ‘মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা, ২০২৫’ অনুযায়ী সংশ্লিষ্ট পদে নির্ধারিত গ্রেডে বেতন-ভাতা দিতে পারবে। এ ক্ষেত্রে ইমামের জন্য ১০ম গ্রেড, মুয়াজ্জিনের জন্য ১৬তম গ্রেড এবং খাদিমের জন্য ১৮তম গ্রেড নির্ধারণ করা হয়েছে। খতিব ও নিরাপত্তা প্রহরীর পদ চুক্তিভিত্তিক রাখার কথা বলা হয়েছে।
নীতিমালায় মডেল মসজিদে কর্মরত খতিবসহ সব জনবলকে মসজিদের আমানতদার হিসেবে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি ঈদুল ফিতর ও ঈদুল আজহা উপলক্ষে সংশ্লিষ্ট কর্মীদের উৎসব ভাতা দেওয়ার সুযোগ রাখা হয়েছে। উৎসবের আগের মাসে যে পরিমাণ সম্মানি পাওয়া যাবে, উৎসব ভাতার পরিমাণও হবে সমপরিমাণ।
মডেল মসজিদকে কেন্দ্র করে ধর্মীয় শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য সিটি, জেলা ও উপজেলা পর্যায়ে কমিটি রাখার বিধান করা হয়েছে। এসব মসজিদে শিশুদের মক্তব, পবিত্র কোরআন শিক্ষা, বয়স্কদের ধর্মীয় শিক্ষা ও হিফজখানা চালুর ব্যবস্থা করার কথা বলা হয়েছে।
মসজিদ ব্যবস্থাপনা কমিটির দায়িত্বের মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজ, জুমার নামাজ ও খুতবা, ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজ এবং জানাজার নামাজের আয়োজন রাখা হয়েছে। রমজান মাসে তারাবির নামাজ পরিচালনার জন্য হাফেজ নিয়োগ এবং তাদের আবাসনের ব্যবস্থাও করতে হবে।
নতুন নীতিমালার মাধ্যমে মডেল মসজিদের পরিচালনা, জনবল ব্যবস্থাপনা, ধর্মীয় শিক্ষা কার্যক্রম এবং সংশ্লিষ্ট কর্মীদের সম্মানি ও দায়িত্ব পালনের বিষয়গুলো একটি নির্দিষ্ট কাঠামোর আওতায় আনা হয়েছে।