ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের মালখানা শাখায় কর্মরত এক পুলিশ সদস্যকে ১ হাজার ৭৯০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। মাদকদ্রব্য ধ্বংসের দায়িত্বে থাকা ওই পুলিশ সদস্যের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
গ্রেপ্তার মো. রেজাউল করিমের বয়স ৪৫ বছর। সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম শুনানি শেষে তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা যায়, মামলার তদন্ত কর্মকর্তা সূত্রাপুর থানার উপপরিদর্শক (এসআই) সুমন কুমার চ্যাটার্জি আসামিকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তিন দিনের রিমান্ডের আবেদন করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, জিজ্ঞাসাবাদে রেজাউল করিম ঘটনার বিষয়ে সন্তোষজনক কোনো তথ্য দিতে পারেননি। প্রাথমিক তদন্তে ইয়াবা পাচার ও বিক্রির সঙ্গে তার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে দাবি করেছে পুলিশ। তবে উদ্ধার হওয়া মাদকের উৎস, সরবরাহকারী ও গন্তব্য সম্পর্কে তিনি সুনির্দিষ্ট কোনো তথ্য দেননি।
পুলিশের পক্ষ থেকে আদালতকে আরও জানানো হয়, ইয়াবার মূল উৎস এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে রেজাউল করিমকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এ কারণেই তাকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করা হয়।
ডিএমপির প্রসিকিউশন বিভাগ জানায়, রোববার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর সূত্রাপুর এলাকা থেকে রেজাউল করিমকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১ হাজার ৭৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় ডিএমপির পরিদর্শক মো. কামরুজ্জামান বাদী হয়ে সূত্রাপুর থানায় মামলা করেন।
মামলার এজাহার অনুযায়ী, সিআইডি ঢাকা মেট্রো-দক্ষিণের একটি বিশেষ অভিযানকারী দল গোপন সংবাদের ভিত্তিতে সূত্রাপুর থানার ২৮ নম্বর ওয়ার্ডের বিসমিল্লাহ বিরানি ঘরে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে রেজাউল করিমকে আটক করা হয়।
পরে তার পরিহিত প্যান্টের পকেট তল্লাশি করে ১৭৯ গ্রাম ওজনের ১ হাজার ৭৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশের হিসাবে উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক অবৈধ বাজারমূল্য ৫ লাখ ৩৭ হাজার টাকা। এ ছাড়া তার কাছ থেকে মাদক বিক্রির ৫ হাজার ৫০০ টাকা নগদ অর্থ এবং একটি ভিভো স্মার্টফোন জব্দ করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তার দাবি, উদ্ধার হওয়া মাদকের সরবরাহকারী ও এর পেছনে থাকা চক্র সম্পর্কে তথ্য জানতে রেজাউল করিমকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।