শরীয়তপুরের ডামুড্যায় ঋণ দেওয়ার আশ্বাস দিয়ে তিন শতাধিক গ্রাহকের কাছ থেকে অন্তত অর্ধকোটি টাকা নেওয়ার পর একটি বেসরকারি সংস্থার (এনজিও) কর্মকর্তারা উধাও হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ‘আলো সংস্থা’ নামের প্রতিষ্ঠানটির বিরুদ্ধে সঞ্চয়, সদস্যভর্তি ও ঋণের আগাম বাবদ এসব টাকা নেওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার উত্তর ডামুড্যার বকুলতলা এলাকায় সংস্থাটির কার্যালয়ে এসে গ্রাহকেরা সেটি তালাবদ্ধ দেখতে পান। পরে সেখানে জড়ো হয়ে টাকা ফেরত এবং অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
ভুক্তভোগীদের ভাষ্য, ডামুড্যার কনেশ্বর, পূর্ব ডামুড্যা ও ইসলামপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গিয়ে সংস্থাটির কর্মকর্তারা স্থানীয় নারীদের নিয়ে ১০ থেকে ২০ সদস্যের দল গঠন করেন। হস্তশিল্প, সেলাইসহ বিভিন্ন প্রশিক্ষণের পাশাপাশি এক লাখ থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার কথা বলা হয়। এ জন্য সদস্যভর্তি, সঞ্চয় এবং ঋণের আগাম অর্থ নেওয়া হয়।
তিন ইউনিয়নের তিন শতাধিক গ্রাহকের কাছ থেকে বিভিন্নভাবে অন্তত ৫০ লাখ টাকা নেওয়া হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের।
কনেশ্বর ইউনিয়নের ছাতিয়ানি এলাকার কাউসার হোসেন জানান, চলতি মাসের শুরুতে সংস্থাটির ফিল্ড অফিসার নাজমুল হাসান এলাকায় গিয়ে হস্তশিল্প প্রশিক্ষণ ও এক লাখ থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋণের কথা বলেন। পরে ১০ সদস্যের একটি দল গঠন করা হয়। প্রত্যেকের কাছ থেকে ভর্তি বাবদ ২৫০ টাকা নেওয়া হয়।
কাউসারের দাবি, গত বৃহস্পতিবার সংস্থাটির ম্যানেজার হাবিব ও ফিল্ড অফিসার নাজমুল হাসান এলাকায় এসে ঋণ পাওয়ার জন্য প্রতি লাখে ১০ হাজার টাকা করে দিতে বলেন। এরপর ১০ জন মিলে ১ লাখ ২৫ হাজার টাকা দেন তারা। সোমবার ঋণ নিতে কার্যালয়ে গিয়ে কর্মকর্তাদের কাউকেই পাওয়া যায়নি।
পূর্ব ডামুড্যা ইউনিয়নের হাওলাদার কান্দি এলাকার মাহফুজা বেগম বলেন, সংস্থাটির এক ব্যক্তি প্রথমে ফোনে যোগাযোগ করে পরে তার বাড়িতে এসে প্রতিষ্ঠানটির কার্যক্রম সম্পর্কে জানান। এরপর এলাকার নারীদের নিয়ে ২০ সদস্যের একটি দল গঠন করা হয়। সেলাইসহ বিভিন্ন প্রশিক্ষণ এবং এক থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋণের আশ্বাস দেওয়া হয়েছিল। রোববার তিনি পরিবারের পক্ষ থেকে ১ লাখ ৩০ হাজার টাকা সঞ্চয় দেন। সোমবার ঋণ দেওয়ার কথা থাকলেও কার্যালয়ে গিয়ে কাউকে পাওয়া যায়নি।
আরেক ভুক্তভোগী মাকসুদা বেগমের অভিযোগ, তার কাছ থেকে ১৫ হাজার টাকা সঞ্চয় নেওয়া হয়েছিল। সোমবার দেড় লাখ টাকা ঋণ দেওয়ার কথা ছিল। তবে ঋণ না পেয়ে কার্যালয়ে এসে দেখেন সংস্থাটির কর্মকর্তারা নেই।
এদিকে সম্প্রতি ‘আলো সংস্থা’য় অফিস সহায়ক হিসেবে যোগ দেওয়া মুক্তা আক্তারও কর্মকর্তাদের অনুপস্থিতির বিষয়টি নিশ্চিত করেছেন। তার ভাষ্য, রোববার বিকেল ৪টার দিকে খাদিজা নামে সংস্থার এক কর্মকর্তা ফোন করে অফিস বন্ধ করে দিতে বলেন। নির্দেশনা অনুযায়ী তিনি অফিস বন্ধ করে চলে যান। পরদিন গ্রাহকেরা একের পর এক কার্যালয়ে এলেও কোনো কর্মকর্তা-কর্মচারী সেখানে আসেননি।
অভিযোগের বিষয়ে ‘আলো সংস্থার’ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কাউকে পাওয়া যায়নি।
ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বলেন, গ্রাহকদের টাকা নিয়ে প্রতারণার অভিযোগের বিষয়ে একজন তাকে মৌখিকভাবে জানিয়েছেন। লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।