দেশের বিভিন্ন উপজেলায় দায়িত্ব পালন করা ৬৮ জন সহকারী কমিশনারকে (ভূমি) বা এসিল্যান্ডকে একযোগে প্রত্যাহার করেছে সরকার। প্রত্যাহারের পর তাদের সংশ্লিষ্ট বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে ন্যস্ত করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখা থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করে এ সিদ্ধান্ত জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের এসব কর্মকর্তাকে সহকারী কমিশনার (ভূমি) পদ থেকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য সংশ্লিষ্ট বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। জনস্বার্থে জারি করা আদেশটি অবিলম্বে কার্যকর হবে।
প্রত্যাহার হওয়া কর্মকর্তাদের মধ্যে বরিশাল, সিলেট, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, ঢাকা ও রংপুর বিভাগের বিভিন্ন উপজেলার এসিল্যান্ডরা রয়েছেন।
প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, এসব কর্মকর্তা নিজ নিজ উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। নতুন আদেশের পর তাদের দায়িত্ব থেকে প্রত্যাহার করে সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। সেখানে তারা সিনিয়র সহকারী কমিশনার হিসেবে পরবর্তী পদায়নের অপেক্ষায় থাকবেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা পৃথক প্রজ্ঞাপনে প্রত্যেক কর্মকর্তার নাম, পরিচিতি নম্বর, বর্তমান কর্মস্থল এবং কোন বিভাগের কমিশনারের কার্যালয়ে তাদের ন্যস্ত করা হয়েছে—এসব তথ্য উল্লেখ করা হয়েছে।
একই সঙ্গে কর্মকর্তাদের সংশ্লিষ্ট তথ্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং গভর্নমেন্ট এমপ্লয়িজ ম্যানেজমেন্ট সিস্টেমে (জিইএমএস) হালনাগাদের জন্য প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপনগুলো জারি করা হয়েছে।