ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শরীয়তপুরে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, গ্রেফতার ১

শরীয়তপুরের জাজিরা উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিলের ঘটনায় আল-আমিন ঢালী নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বিকেনগর ইউনিয়নের মাদরাসা গেট এলাকায় ঢাকা-শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কে এ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটির প্রায় ৪৭ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে জাজিরা বিকেনগর কলেজ ছাত্রলীগের সভাপতি সুমন মাদবরকে মিছিলের নেতৃত্ব দিতে দেখা যায়। এ সময় অংশগ্রহণকারীদের বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। এর মধ্যে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগানও ছিল।

মিছিলের ব্যানারে আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেনের ছবি দেখা গেছে।

স্থানীয়দের ভাষ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ছাত্রলীগের কার্যক্রম নিষিদ্ধ করা হলেও জাজিরার বিভিন্ন এলাকায় সংগঠনটির নেতাকর্মীদের মিছিল ও কর্মসূচিতে অংশ নিতে দেখা গেছে। এসব কর্মসূচির ছবি ও ভিডিও বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। গত এক সপ্তাহেও উপজেলার বিভিন্ন এলাকায় শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কর্মসূচি ও বিক্ষোভ মিছিল হয়েছে বলে স্থানীয়রা জানান।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেহ আহাম্মদ বলেন, বিকেনগর এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মিছিল চলাকালে আল-আমিন ঢালী নামে এক কর্মীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।