বগুড়ার শাজাহানপুরে একটি ময়লার ভাগাড় থেকে অজ্ঞাত এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৫ অক্টোবর) বিকেল ৫টার দিকে বগুড়া রেশম বীজাগারের তুঁতবাগানসংলগ্ন শেরপুর রোড এলাকার একটি ময়লার ভাগাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, তুঁতবাগানের পাশে ময়লা কুড়ানোর সময় আঞ্জু বেগম (৩২) নামে এক নারী একটি শপিং ব্যাগ দেখতে পান। কৌতূহলবশত ব্যাগটি খুলে তিনি ভেতরে নবজাতকের মরদেহ দেখতে পান। পরে তিনি বিষয়টি আশপাশের পথচারীদের জানান।
এরপর এক পথচারী জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে শাজাহানপুর থানার কৈগাড়ী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নিয়ামান নাছির সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ শপিং ব্যাগের ভেতর থেকে নবজাতকের মরদেহটি উদ্ধার করে।
পরে মরদেহটি ময়নাতদন্ত ও প্রয়োজনীয় আইনি কার্যক্রমের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এসআই নিয়ামান নাছির জানান, উদ্ধার হওয়া নবজাতকের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। শিশুটির পরিচয় ও মরদেহটি সেখানে কীভাবে এল, তা জানতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।