ধামরাই ডিআরএস-এর মডিফিকেশন ও মিটারিং ব্যবস্থা নির্মাণ কাজের জন্য আজ সোমবার (২৩ নভেম্বর) থেকে ঢাকার ধামরাই ও মানিকগঞ্জের ১০টি এলাকায় টানা ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকছে। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
রোববার (২২ নভেম্বর) প্রকাশিত ওই বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ সোমবার সকাল ৮টা থেকে আগামীকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত এই সাময়িক বন্ধ কার্যকর থাকবে। এ সময় সংশ্লিষ্ট এলাকার সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ থাকবে।
গ্যাস সংযোগ বন্ধ থাকা এলাকাগুলোর মধ্যে রয়েছে মানিকগঞ্জ সদর, ইসলামপুর, ধামরাই, জয়পুরা, ডাউটিয়া, কালামপুর, শ্রীরামপুর, বারবাড়িয়া, সাটুরিয়া ও শিবালয়।
তিতাস কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত এই এলাকাগুলোর পাশাপাশি আশপাশের অঞ্চলগুলোতেও গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।