চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফল আজ সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৩টায় প্রকাশ করা হচ্ছে। শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের পর নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফলাফল দেখতে পারবেন। পাশাপাশি আবেদনের সময় দেওয়া মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমেও ফল পৌঁছে যাবে।
রোববার আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির এক বিজ্ঞপ্তিতে ফল প্রকাশের এই সময় জানানো হয়।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক আক্তারুজ্জামান সংবাদমাধ্যমকে জানিয়েছেন, দেশের ১১টি শিক্ষা বোর্ডে মোট ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী খাতা পুনঃনিরীক্ষণের আবেদন করেছিলেন। গত ১৪ দিনে তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণ করা হয়েছে এবং ফল প্রকাশের সব প্রস্তুতি সম্পন্ন রয়েছে।
উল্লেখ্য, গত ৩১ অক্টোবর প্রকাশিত মূল ফলাফলে ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেওয়া ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ শিক্ষার্থীর মধ্যে পাস করেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। এবার অকৃতকার্য হয়েছেন রেকর্ডসংখ্যক ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন শিক্ষার্থী। গড় পাসের হার ছিল ৫২ দশমিক ১২ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিলেন ৪০ হাজার ৮৪ জন। মূল ফল প্রকাশের পরদিন অর্থাৎ ১ নভেম্বর থেকে পুনঃনিরীক্ষণের আবেদন গ্রহণ শুরু হয়েছিল।