মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচালে রেল দুর্ঘটনায় আহতদের দেখতে বুধবার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যান রেল মন্ত্রী নুরুল ইসলাম সুজন এবং বন ও পরিবেশ মন্ত্রী শাহাব উদ্দিন।
তাদের যাওয়ার পূর্বে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, গাউন পরে হাসপাতালের পরিস্কার বিছানায় শুয়ে আছেন দু’জন রোগী। পরিস্কার-পরিচ্ছন্ন ওই ওয়ার্ডে রয়েছে ফুলের টবও। পাল্টানো হয়েছে পুরাতন বিছানার চাদর।
নিয়ম থাকলেও সেখানে রোগীদের গাউন প্রদান করা হয় না। বিছানার চাদর শেষ কবে পরিষ্কার করা হয়েছিল তাও কেউ বলতে পারবে না। পুরো হাসপাতাল এতোই নোংরা থাকে যে সুস্থ মানুষও অসুস্থ হয় পড়ার সম্ভাবনা রয়েছে।
কিন্তু বুধবারের ছবি ছিল ভিন্ন। এদিন পুরো হাসপাতাল নতুন করে সাজানো হয়। সবকিছু ছিল ঝকঝকে। কারণ মন্ত্রীরা আসবেন।
এদিকে, ছবিতে দেখা যাওয়া ওই দুই রোগীর সাথে আলাপ করে জানা যায়, মন্ত্রীরা আসার আগে বুধবার সকালেই হাসপাতাল কর্তৃপক্ষ
তাদেরকে গাউন প্রদান করেছিলো। মন্ত্রীরা যাওয়ার পর ওইদিন দুপুরেই গাউনগুলো ফিরিয়ে নেয় হাসপাতাল কর্তৃপক্ষ।
এবিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কোন মন্তব্য করতে রাজি হয়নি।