ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রামপুরায় বস্তিতে আগুন: পুড়ল ২৮ ঘর

রাজধানীর রামপুরায় মহানগর প্রজেক্টের একটি বস্তিতে রবিবার দিবাগত রাতে লাগা ভয়াবহ আগুনে ২৮টি ঘর পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের কর্তব্যরত কর্মকর্তা লিমা খানম জানান, রবিবার দিবাগত রাত ১টা ২৮ মিনিটের দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় এবং দ্রুত তা ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে রাত ২টা ২১ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

কিন্তু ততক্ষণে ২৮টি ঘর আগুনে পুড়ে যায় এবং এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

তবে অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।