ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আদালত প্রাঙ্গণে আসামির সমর্থকদের হামলায় ডিবিসির ক্যামেরাম্যান আহত

আদালত প্রাঙ্গণে আসামির সমর্থকদের হামলায় ডিবিসির ক্যামেরাম্যান আহত
ক্যাসিনো ব্যবসার সাথে জড়িত গেণ্ডারিয়া থানা আওয়ামী লীগের নেতা এনামুল হক ও তার ভাই রুপন ভূইয়াকে অর্থপাচারের দুই মামলায় ১৪ জানুয়ারি সুবাতা এলাকায় তাদের এক কর্মচারীর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

ঢাকার গেন্ডারিয়া থানা আওয়ামী লীগ নেতা এনামুল হক এনু ও রূপন ভূঁইয়ার সমর্থকদের হামলায় আহত হয়েছেন বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসির চিত্র সাংবাদিক (ক্যামেরাম্যান) আল আমিন।

রবিবার দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সামনে আল আমিনের উপর এ হামলা করা হয়। সেখান থেকে তাকে মিটফোর্ড হাসপাতালে নেয়া হয়েছে।

এ ঘটনায় মতিন নামের এক হামলাকারীকে আটক করেছে পুলিশ।

এনু-রূপনের অর্থপাচার (মানি লন্ডারিং) আইনের মামলায় চার দিনের রিমান্ড শেষে রবিবার দুদকের মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য তাদের ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আনা হয়।

এদিকে, এনু-রূপনকে আদালতে নেয়ার খবর পেয়ে তাদের ৪০-৫০ জন সমর্থক ঢাকা দায়রা জজ আদালতে উপস্থিত হন।

দুপুর পৌনে ১টার দিকে রূপন-এনুকে প্রিজন ভ্যান থেকে নামিয়ে মহানগর দায়জা জজ আদালতে ওঠানোর সময় আল আমিন ভিডিও ধারণ করছিলেন। ওই সময় রূপন-এনুর ৮/১০ জন সমর্থক তার ওপরে হামলা চালায়। এসময় আল আমিনের পকেটে থাকা ২০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং ক্যামেরা ভেঙে ফেলে। এ সময় পুলিশ হামলকারীদের একজনকে আটক করে। অন্যরা পালিয়ে যায়।

এ বিষয়ের ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানার আদালতের পরিদর্শক (কোর্ট ইন্সপেক্টর) মইনুল ইসলাম বলেন, হামলায় জড়িত থাকার অভিযোগে মতিন নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তাকে কোতোয়ালি থানায় পাঠানো হয়েছে।

ডিবিসির প্রতিবেদক লিটন মাহমুদ বলেন, আদালতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় আমরা শঙ্কিত।

এদিকে জ্ঞাত-আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় ক্যাসিনোকাণ্ডের হোতা গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রূপন ভূঁইয়ার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

রবিবার তাকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে হাজির করে মামলায় গ্রেপ্তার দেখানোর (শোন অ্যারেস্ট) আবেদন করা হয়।

অপরদিকে, মামলার সুষ্ঠু তদন্তের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক নেয়াামুল আহসান গাজী। শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস গ্রেপ্তার দেখিয়ে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এছাড়াও ক্যাসিনোকাণ্ডের আরেক হোতা গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের সহ-সভাপতি এনামুল হককে জ্ঞাত-আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আরেক মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করলে ঢাকা মহানগর দায়রা জজ আবেদনটি মঞ্জুর করেন।

এর আগে, ১৪ জানুয়ারি সূত্রাপুর থানার অর্থপাচার মামলায় রূপনের ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। অন্যদিকে গেন্ডারিয়া থানার অর্থপাচার মামলায় এনামুল ও মোস্তফার ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী আসামি এনামুল ও রূপনের চার দিন এবং মোস্তফার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।