ঢাকা, সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে পপুলার লাইফের ৩ কোটি ১৮ লাখ ৭৫ হাজার টাকার বীমা দাবি পরিশোধ

বীমা গ্রাহকদের পাওনা পরিশোধে উদ্যোগী হয়েছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। এরই ধারাবাহিকতায় বরিশাল অঞ্চলের গ্রাহকদের মধ্যে ৩ কোটি ১৮ লাখ ৭৫ হাজার টাকার বীমা দাবির চেক বিতরণ করেছে প্রতিষ্ঠানটি।

শনিবার (২১ নভেম্বর) বরিশালে কোম্পানির নিজস্ব কার্যালয়ের সেমিনার কক্ষে চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাহকদের হাতে বীমা দাবির চেক তুলে দেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের সভাপতি বি এম ইউসুফ আলী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, সিনিয়র উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোতাহার হোসেন এবং উপব্যবস্থাপনা পরিচালক মো. কামাল হোসেন ও মো. খলিলুর রহমান সিকদার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির প্রকল্প পরিচালক মাসুদ রানা মাসুম।

এ সময় কোম্পানির ঊর্ধ্বতন প্রকল্প পরিচালক, প্রকল্প পরিচালক, প্রকল্প ইনচার্জসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাঁরা বীমা গ্রাহকদের স্বার্থ রক্ষা, দাবির অর্থ যথাসময়ে পরিশোধ এবং সেবার মান উন্নয়নে প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।

অনুষ্ঠানে বরিশাল অঞ্চলের গ্রাহকদের হাতে মোট ৩ কোটি ১৮ লাখ ৭৫ হাজার টাকার বীমা দাবির চেক হস্তান্তর করা হয়। সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, সময়মতো বীমা দাবির অর্থ পরিশোধ গ্রাহকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বীমা খাতের প্রতি মানুষের আস্থা বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে।