ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টিভি মেরামত করতে গিয়ে কিশোর নিখোঁজ, মিলল লাশ

ফটিকছড়ি উপজেলার পাইন্দং করবল্লাটিয়া এলাকা থেকে শুক্রবার দুপুরে নিখোঁজ কিশোরের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত সাব্বির উদ্দীন ইকন (১৭) উপজেলার বিবিরহাট এলাকার চৌধুরী ভবনের বাসিন্দা মো. সাহাব উদ্দীনের ছেলে।

স্থানীয়দের বরাতে ফটিকছড়ি থানার ওসি বাবুল আক্তার জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে বিবিরহাট ২নং আলী আকবর রোডে বাড়ির নষ্ট টিভি মেরামত করতে গিয়ে আর ফিরে আসেনি সাব্বির। পরে রাতে অনেক খোঁজাখুঁজির পরও সাব্বিরের সন্ধান না পেয়ে বাবা সাহাব উদ্দীন ফটিকছড়ি থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

ওসি জানান, দুপুরে পাইন্দং করবল্লাটিয়া এলাকায় স্থানীয়রা গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে সাব্বিরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠায়।