বিশ্ববিদ্যালয় থেকে শহরে যাওয়ার পথে যাত্রীবাহী বাসে এক যাত্রী কর্তৃক শ্লীলতাহানির শিকার হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মার্কেটিং বিভাগের এক ছাত্রী। এ ঘটনায় অভিযুক্ত যাত্রী জামাল উদ্দিনকে (৩৫) এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
জানা যায়, ১৪ ডিসেম্বর, শনিবার বিকাল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেইট থেকে শহরে যাওয়ার পথে বাসে ভুক্তোভোগী শিক্ষার্থীর গায়ে স্পর্শ করলে সেই শিক্ষার্থী প্রতিবাদ করে। এরপর ওই ব্যক্তি বলেন ‘মহাভারত অশুদ্ধ হয়ে গেছে নাকি’। এসময় আশে পাশে থাকা অনন্য শিক্ষার্থীরা অভিযুক্ত ব্যক্তিকে পুলিশে সোপর্দ করেন।অভিযুক্ত জামাল পেশায় একজন শিক্ষক। বাবার নাম আব্দুল বারী ওয়াদুদ। বাড়ি সুনামগঞ্জের ছাতক।
এবিষয়ে ভুক্তভোগী ওই ছাত্রী বলেন, ক্যাম্পাস থেকে শহরে যাওয়ার জন্য এক নম্বর গেটে একটি বাসে উঠি। ওই ব্যক্তি আমার পেছনের সিটে বসেন। বেশ কয়েকবার সিটের নিচে দিয়ে আমার গায়ে স্পর্শ করলে আমি প্রতিবাদ করি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এসএম মনিরুল হাসান বলেন, অভিযুক্ত ব্যক্তিকে পুলিশে সোপর্দ করা হয়েছে। পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত অপরাধ খতিয়ে দেখবে।
এব্যাপারে হাটাহাজারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সম্রাট খীসা বলেন, অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় অভিযুক্ত জামালকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।
এর আগে গত ২৭ নভেম্বর ও ৮ ডিসেম্বর চলন্ত বাসে যৌন হয়রানির শিকার হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী। ৮ ডিসেম্বরের ঘটনায় ভ্রাম্যমাণ আদালত অভিযুক্ত ব্যক্তিকে ছয় মাসের কারাদন্ড দেয়।