ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঝালকাঠিতে সালিশ বৈঠকে সাবেক বিজিবি সদস্য নিহত

ঝালকাঠিতে জমি সংক্রান্ত সালিশ মীমাংসা বৈঠকে প্রতিপক্ষের হামলায় এক অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য নিহত হয়েছেন।

সদর উপজেলার দারাখানা গ্রামে শনিবার রাতে এ ঘটনা ঘটে।

নিহত নুরুল ইসলাম মল্লিক (৫৫) ওই গ্রামের মৃত এনছাব আলী মল্লিকের ছেলে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রিপন নামে একজনকে আটক করেছে পুলিশ।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান জানান, নুরুলের সঙ্গে প্রতিবেশী খালেক হাওলাদারের জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে শনিবার রাতে সালিশ বসে। এ সময় বাগবিতণ্ডার এক পর্যায়ে খালেকের নেতৃত্বে ৮-১০ জন নুরুলের ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করেন। পরে তাকে সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।