বঙ্গবন্ধু সেতুর পাশে যমুনা নদীর ওপর রেল সেতুর নির্মাণ কাজ শুরু হবে আগামী ১৪ মার্চ। সেতুর এ নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগে ১৭ মার্চ জাতির পিতার জন্মদিনে উদ্বোধনের কথা থাকলেও প্রধানমন্ত্রী রেল মন্ত্রণালয়কে সেই তারিখে সময় না দেওয়ায় এই রেল সেতুর নির্মাণ কাজ শুরু করবে রেল মন্ত্রণালয়।
রেল মন্ত্রণালয়ের প্রস্তাবে বলা হয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিব রেলসেতু স্থান হচ্ছে বঙ্গবন্ধু সেতুর প্রায় ৩০০ মিটার উজানে। সেতুর দৈর্ঘ্য হচ্ছে ৪ দশমিক ৮ কিলোমিটার। স্বল্প সুদের জাপানের ঋণের এ সেতু তৈরি করা হবে। ডিসেম্বরের ২০২৩ সালে সম্ভাব্য রেলসেতু নির্মান কাজ শেষ হওয়ার কথা রয়েছে। এ রেল সেতু নির্মাণ করবে জাপানভিত্তিক দুইটি যৌথ মালিকাধীণ প্রতিষ্ঠান।
রেল মন্ত্রণালয়ের সূত্র জানায়, যমুনা নদীর ওপর নতুন বঙ্গবন্ধু সেতু নির্মাণের পর বর্তমান বঙ্গবন্ধু সেতু রেল লাইন আর রাখা হবে না। বঙ্গবন্ধু রেল সেতুর নির্মাণ ব্যয় আরও বেড়ে গেছে। আগে এ প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছিল ৯ হাজার ৭৩৪ কোটি টাকা। এখন ব্যয় বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৩ হাজার কোটি টাকা অর্থাৎ আগের ব্যয়ের চেয়ে তিন হাজার কোটি টাকা বেশি খরচ হবে। ব্যয় বাড়ানো ক্ষেত্রে বলা হয়েছে কাজের পরিমাণ বেড়েছে। তবে কী ধরনের কাজ বেড়েছে এটার কোন ব্যাখা পাওয়া যায়নি।
রেল মন্ত্রণালয়ের প্রস্তাবে বলা হয়, ডুয়েল গেজ রেললাইন প্রকল্পটি বাস্তবায়নের পুরো টাকা দেবে জাপান সরকার। তবে খরচ বেড়ে যাওয়ায় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠক নতুনভাবে অনুমোদন নিতে হবে।
প্রস্তাবে আরো বলা হয়, জাপানি কোম্পানি সিনাগাওয়া ইন্টারসিটি এ সেতু নির্মাণ করবে। শিডিউল অনুসারে ২০২৩ সালের মধ্যে সেতুর নির্মাণ কাজ শেষ হওয়ার কথা আর রেল মন্ত্রণালয় আলোচ্য প্রকল্পটি বাস্তবায়ন করবে। ২০১৬ সালে একনেকে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু নির্মাণ শীর্ষক প্রকল্পটি পাস হয়। কিন্তু এরপর বিভিন্ন জটিলতায় এ প্রকল্পের দৃশ্যমান কোন অগ্রগতি হয়নি। মূলত পার্শ্ববর্তী দেশগুলো থেকে রেলপথে পণ্য পরিবহনের সুবিধার্থে সেতুটি নির্মান করা হচ্ছে।
এছাড়া অভ্যন্তরীণ রুটে সহজে যাত্রী ও পণ্য পরিবহনেও সেতুটি কাজে লাগবে। পরিকল্পনা কমিশনের সূত্র জানা গেছে, বর্তমানে বঙ্গবন্ধু সেতুর রেলপথে ওজন সীমাবদ্বতার কারণে ভারী পণ্যবাহী ট্রেন চলতে পারে না। এ সেতুতে ট্রেনও পূর্ণ গতিতে চলতে পারে না। পৃথক রেলসেতু হলে আঞ্চলিক যোগাযোগ বাড়বে এবং অর্থনৈতিক উন্নয়নের গতি আরও ত্বরান্তিত হবে বলে অনেকে আশা করছে।