ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুদকের সুপারিশে তিতাসের ৯০০ জনকে বদলি

বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সুপারিশের ভিত্তিতে তিতাসের প্রায় ৯০০ কর্মকর্তা-কর্মচারীকে বদলি করা হয়েছে।

রোববার দুদকের প্রধান কার্যালয়ের একটি দল ফলোআপ অভিযানে গেলে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

দুদকের সহকারী পরিচালক আফরোজা হক খান ও উপ-সহকারী পরিচালক মোহাম্মদ শিহাব সালামের সমন্বয়ে গঠিত এনফোর্সমেন্ট টিম ওই অভিযান চালায়।

তিতাসের সিস্টেম লস এক বছরে প্রায় পাঁচ গুণ বেড়ে যাওয়া, নতুন সংযোগ দেয়া বন্ধ থাকলেও তিতাসের কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশে অবৈধভাবে বিভিন্ন স্থানে নতুন সংযোগ প্রদানসহ নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ আবারও অভিযানে যায় দুদকের দল।

অভিযানকালে তিতাস গ্যাস কর্তৃপক্ষ দুদককে জানায়, সংস্থাটির সুপারিশের ভিত্তিতে ইতোমধ্যে প্রায় ৯০০ কর্মকর্তা-কর্মচারীকে বদলি করা হয়েছে। তবে বদলি হওয়া বেশ কয়েকজন প্রভাবশালী কর্মকর্তা-কর্মচারী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যোগসাজশে ও তদবিরের মাধ্যমে আগের সুবিধাজনক পদে ফিরে আসার জন্য চেষ্টা করছেন বলে এনফোর্সমেন্ট টিমের কাছে প্রতীয়মান হয়। এ সময় বদলিবাণিজ‌্য রোধে কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য তিতাস কর্তৃপক্ষকে অনুরোধ জানায় দুদক টিম।

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার বিষয়ে টিমকে তিতাস গ‌্যাস কর্তৃপক্ষ জানায়, বনানীর হোটেল গোল্ডেন টিউলিপে দুদক অভিযান চালানোর পরে হোটেল কর্তৃপক্ষকে ১১ লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং হোটেলের গ্যাস সংযোগ স্থায়ীভাবে বিচ্ছিন্ন করা হয়েছে। এছাড়া, প্রায় ৪ হাজার কোটি টাকা বকেয়া বিল আদায়ের লক্ষ্যে নেয়া বিভিন্ন পদক্ষেপের কথাও জানায় তারা।

ইউপি সচিবের বিরুদ্ধে জন্মনিবন্ধন সনদ বিক্রি করে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-২ একটি অভিযান চালিয়েছে। অভিযানকালে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এ বিষয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের করা একটি মামলায় তদন্ত চলছে।