ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফাঁকা বাড়িতে নারীকে গলাকেটে হত্যা করলো দুর্বৃত্তরা

রাজশাহীর পবা উপজেলায় ফাঁকা বাড়িতে এক নারীকে গলাকেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) রাত ৯টার দিকে পবার দামকুড়া থানার টেংরামারি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ওই নারীর নাম সুফিয়া বেগম (৪৫)। তার স্বামীর নাম আনিসুর রহমান।

রাজশাহীর দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাতে সুফিয়া বেগমের স্বামী ও ছেলে তারাবীর নামাজ পড়তে মসজিদে গিয়েছিলেন। বাড়িতে একাই ছিলেন ওই নারী। ফাঁকা পেয়ে কে বা কারা তাকে গলাকেটে হত্যা করেছে। খবর পেয়ে তারা ঘটনাস্থলে গেছেন।

ওসি জানান, কেন এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে তাৎক্ষণিকভাবে তার কিছুই এখনও জানা যায়নি। তারা আশপাশের মানুষকে জিজ্ঞাসাবাদ করছেন। এছাড়া নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরী হচ্ছে। পরে ময়নাতদন্তের জন্য তার মরদেহ রাজশাহী মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হবে।

এ ঘটনায় থানায় হত্যা মামলা হবে বলেও জানান দামকুড়া থানার এই ভারপ্রাপ্ত কর্মকর্তা।