সিদ্ধিরগঞ্জে নাসিক ৭নং ওয়ার্ড কাউন্সিলর আলী হোসেন আলা আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক বালু ভরাট করে জমি দখল করে নেয়ার অভিযোগ উঠে। জানা যায় কাউন্সিলর আলী হোসেন আালার সমর্থকরা হামলা চালিয়ে ঐ বিধবার জমি দখল করতে গেলে উভয় পক্ষের অনন্ত ১০/১২ জন আহত হয়।
এ ঘটনায় আলী হোসেন আলা বাদী হয়ে উল্টো জমির মালিকসহ ৭৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। গত রবিবার জমি দখল নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটলে গতকাল সোমবার এ মামলা দায়ের করা হয়। এদিকে ঘটনার সাথে সম্পৃক্ত নয় এমন অনেক ব্যক্তিদেরকে এ মামলায় আসামী করায় এলাকাবাসী চরম ক্ষোভ প্রকাশ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক আলী হোসেন আলার সঙ্গে কদমতলী এলাকায় ১৯ শতাংশ জমি নিয়ে বিধবা রেজিয়া বেগমের সাথে বিরোধ রয়েছে। জমি রক্ষার্থে বিধবা রেজিয়া বেগম বাদী হয়ে নারায়ণগঞ্জ বিজ্ঞ জজ আদালতে মামলা নং ১৫২/০৮ করেন। এরপর ১৬ অক্টোবর ২০১১ তারিখে আদালত উক্ত জমির উপর নিষেধাজ্ঞা জারি করে জমির ওপর সাইনবোর্ড লাগিয়ে দেন। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রবিবার উক্ত জমিটি কাউন্সিলরের লোকজন বালু ভরাট করতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১০/১২ জন আহত হয়। এ ঘটনায় কাউন্সিলর আলী হোসেন বাদী গতকাল সোমবার সিদ্ধিরগঞ্জ ধানায় ৩৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪০ জনকে আসামী করে মামলা (নং-২৪/২০) দায়ের করেন। এ ঘটনায় পুলিশ হৃদয় নামের যুবককে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে।
এদিকে এ মামলায় ঘটনার সাথে সম্পৃক্ত নয় এমন অনেক নিরীহ ব্যক্তিদেরকে আসামী করার খবরে এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভ দেখা দিয়েছে। এলাকাবাসী জানায়, উক্ত জমির প্রকৃত মালিক বিধবা রেজিয়া বেগম। কাউন্সিলর আলী হোসেন আলা জোর পূর্বক জমিতে বালু ভরাট করে দখলে নেয়ার পাঁয়তারা করলে রেজিয়া বেগম ও স্বজনরা বাঁধা প্রদান করেন। এ ঘটনার সাথে কোন ভাবেই সম্পৃক্ত নয় এবং এলাকায়ও ছিল না এমন ব্যক্তিদেরকে মামলায় আসামী করা হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, জমি দখল করতেই প্রশাসনের সাথে যোগসাজশে নিরীহ লোকজনের নামে মামলা দিয়েছে কাউন্সিলর।
আলী হোসেন আলার রিরুদ্ধে কদমতলী এলাকায় দীর্ঘ দিন ধরে এভাবেই নিরীহ মানুষের জমি দখলে নেয়ার মাধ্যমে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়ার বহু অভিযোগ রয়েছে। জামির মালিক বিধবা রেজিয়া বেগম জানান, শনিবার জমিতে কাউন্সিলরের লোকজন ড্রেজারের পাইপ বসালে ঘটনাটি থানায় জানিয়ে অভিযোগ (নং ৩৯৮৩) করলে পুলিশ ঘটনাস্থলে এসে এর সত্যতা পায়। পরদিন রবিবার উক্ত জমিতে বালু ভরাট করলে আমরা বাঁধা দিলে আমাদের উপর কাউন্সিলরের লোকজন অতর্কিতভাবে হামলা চালায়। এতে আমার ছেলে সাগরসহ ১০ জন গুরুতর আহত হয়।তাদেরকে নারায়ণগঞ্জ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। বিধবা এই নারী বলেন, স্বামী মারা যাওয়ার পর থেকে সন্তানদের নিয়ে অনেক কষ্ট দিনাতিপাত করছি। আমার এই জায়গা বিজ্ঞ আদালতে নিষেধাজ্ঞা জারি থাকা সত্ত্বেও কাউন্সিলর অবৈধভাবে ক্ষমতার প্রভাব খাঁটিয়ে হামলা চালিয়ে আমার জমি জোরপূর্বক দখল করেছে। পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো আমাদের নামে মামলা করেছে। আমরা এখন বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছি। থানায় মামলা দিতে গেলে পুলিশ মামলা না নিয়ে আমাদেরকে নানা রকম ভয়ভীতি দেখিয়ে থানা থেকে বিদায় করে দিয়েছে।
এবিষয়ে কাউন্সিলর আলী হোসেন আলা বলেন, আমি কারো জমি দখল নিতে যায়নি। আমি বায়না সুত্রে মালিক আমার জমি আমি বালু দিয়ে ভরাট করেছি। আমার ওপর হামলার কারনে আমি মামলা দায়ের করেছি। জমি বায়নার কাগজ দেখতে চাইলে পরে দেখাবে বলে সাংবাদিকদের জানান।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক জানায়, কাউন্সিলর বাদী হয়ে মামলা দিয়েছে। এই মামলায় হৃদয় নামে একজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে । অপর পক্ষ অভিযোগ করলে বিষয়টি ভেবে দেখা হবে।