ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিচারহীনতা থেকে বের হলে ধর্ষণ দূর সম্ভব

জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেছেন, উন্নয়নের সঙ্গে ধর্ষণ এবং নারী ও শিশু নির্যাতন চলে না। তিনি বলেন, বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হতে না পারলে দেশ থেকে ধর্ষণ দূর করা সম্ভব নয়। তাই এ থেকে বের হতে হবে। উন্নয়নের সঙ্গে সুশাসন না থাকলে উন্নয়ন কর্মকাণ্ড অসাড় হয়ে যায়। তেমনি, বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হতে না পারলে উন্নয়ন অর্থহীন হয়ে পড়ে।

তিনি বলেন, দেশের মানুষ নারীর সম্ভ্রম রক্ষার দাবিতে রাজপথে নেমেছে- এর চেয়ে লজ্জার কিছু নেই। বলেন, দেশের মানুষ ধর্ষণ ও নারী নির্যাতন থেকে মুক্তি চায়। আওয়ামী লীগ ও বিএনপি নয় শুধু জাতীয় পার্টিই পারে দেশ থেকে ধর্ষণ ও নারী নির্যাতনসহ সব অনাচার দূর করতে। তাই দেশের মানুষকে মুক্তি দিতে দরকার হয়ে পড়েছে জাতীয় পার্টির সরকার। শুক্রবার সকালে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে উপজেলা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য মীর আবদুস সবুর আসুদ, অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর সিকদার লোটন, চেয়ারম্যানের উপদেষ্টা জহিরুল আলম রুবেল, ভাইস চেয়ারম্যান হুসেইন মকবুল শাহরিয়ার আসিফ, যুগ্ম মহাসচিব বেলাল হোসেন, একেএম আশরাফুজ্জামান খান, জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় সভাপতি মো. ইব্রাহিম খান জুয়েল প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি।