ঢাকা, মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স

দুই বছরের বেশি সময় ধরে ভারতে নির্বাসনে থাকা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা করছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন তাঁর মুখপাত্র। ১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের বিজয়ের দিনেই দেশে ফেরার এই প্রথম নির্দিষ্ট তারিখ ঘোষণা করলেন তিনি।

বাতিল হওয়া পাসপোর্ট ও অন্যান্য নথিপত্র পুনরায় ইস্যুর পাশাপাশি বাংলাদেশের জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসে করে তাঁর দেশে ফেরার ব্যবস্থা করার আহ্বান জানানো হয়েছে।

শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী এক বিবৃতিতে জানান, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের বিমানে করেই শেখ হাসিনাকে ভারতে নেওয়া হয়েছিল। তাই দিল্লি থেকে ঢাকায় তাঁর বিমানযাত্রার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানানো হচ্ছে। বিবৃতিতে আরও বলা হয়, সংবিধানের পরিপন্থীভাবে তাঁকে নির্বাসনে পাঠানো হয়েছিল এবং এখন ১৬ ডিসেম্বর বিজয় দিবসে তাঁর দেশে ফেরা সম্ভব করা সরকারের দায়িত্ব।

রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়, শেখ হাসিনার দেশে ফেরার এই ঘোষণায় বাংলাদেশে রাজনৈতিক ও আইনি উত্তেজনা বাড়তে পারে। দেশে তাঁর দল আওয়ামী লীগের কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ রয়েছে এবং চলতি মাসের শুরুতে তিনি নতুন পাসপোর্ট ও নথিপত্রের জন্য আবেদন করার পর থেকে সহিংসতা বেড়েছে।

এ বিষয়ে মন্তব্যের অনুরোধে বাংলাদেশ সরকারের কোনো মুখপাত্র তাৎক্ষণিক সাড়া দেননি। তবে এর আগে রোববার একজন বাংলাদেশি মন্ত্রী রয়টার্সকে জানিয়েছিলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। এ ছাড়া তাঁকে ফিরিয়ে আনতে বিমান পাঠানো নিয়ে ভারতের সঙ্গে কোনো সরকারি আলোচনা হয়নি বলেও জানান ওই মন্ত্রী।

উল্লেখ্য, জাতিসংঘের তথ্যমতে, শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা ছাত্রনেতৃত্বাধীন গণ-অভ্যুত্থানে প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হন। ওই আন্দোলনে প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগে গত বছরের নভেম্বরে বাংলাদেশের যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল তাঁর অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের রায় দেন। নির্বাসনে থাকা অবস্থায় শেখ হাসিনা অবশ্য এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।