সরকারি কর্মকর্তাদের নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে নিষ্ঠার সাথে পালনের নির্দেশ দিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এমপি। শনিবার (০২ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল জেলা প্রশাসনের সভাকক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় এই নির্দেশ দেন তিনি।
জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন- মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের যেভাবে বেতন বাড়িয়েছেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এত সুবিধা কোন সরকার দেয়নি। এরপরও কেউ দুর্নীতি করলে, তাদের ক্ষমা নেই। এসময় দুর্নীতি নিয়ন্ত্রণ রোধে অধিনস্থ কর্মকর্তা-কর্মচারীদের প্রতি কঠোর নজরদারীর জন্য পদস্থ কর্মকর্তাদের প্রতি আহবান জানান তিনি।
মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়ে আমার স্বপ্ন পূরনের সুযোগ করে দিয়েছেন। তাই স্বপ্ন পূরনে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সহযোগীতা কামনা করেন তিনি।
এর আগে কীর্তনখোলা নদীর ভাংগন কবলিত এলাকা সদর উপজেলার জাগুয়া এবং সুগন্ধা নদীর ভাংগন কবলিত বাবুগঞ্জ উপজেলার মহিষাদী গ্রাম পরিদর্শন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম। এ সময় কীর্তনখোলা ভাংগন থেকে জাগুয়া রক্ষা এবং সুগন্ধ নদীর ভাংগন প্রতিরোধের চলমান কাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেন পানি সম্পদ প্রতিমন্ত্রী।