পঞ্চগড়ে কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা, পঞ্চগড়ে তাদের জাতীয় ই্জতেমাসহ সকল কার্যক্রম বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সম্মিলিত খতমে নবুওয়ত সংরক্ষণ পরিষদ পঞ্চগড় । সোমবার দুপুরে পঞ্চগড় প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা এই দাবি জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সম্মিলিত খতমে নবওয়ত সংরক্ষণ পরিষদের সদস্য সচিব ক্বারী মোহাম্মদ আব্দুল্লাহ। সংবাদ সম্মেলনে তারা জানান, পঞ্চগড়ের আহমদনগর এলাকায় কাদিয়ানিরা বিভিন্ন স্থান থেকে কাদিয়ানিদের এনে পুনর্বাসন কার্যক্রম শুরু করেছে। মুসলমান নাম ব্যবহার করে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তারা সাধারণ মুসলিমদের বিভ্রান্ত করছে। এমনকি তারা আগামী ২২ থেকে ২৪ ফেব্রুয়ারি পঞ্চগড় ওই এলাকায় জাতীয় ইজতেমার আয়োজন করেছে। তাই তাদেরকে অমুসলিম ঘোষণা করে ইজতেমাসহ তাদের সকল কার্যক্রম বন্ধের দাবি জানান তারা।
সংবাদ সম্মেলন থেকে তারা সম্মিলিতভাবে তাদের প্রতিহত করার জন্য আগামী ৮ ফেব্রুয়ারি জুমআর নামাজের পর বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেন। একই সাথে আগামী ২১ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত আহমদ নগরের পাশেই তেলিপাড়া ঈদগা মাঠে ইসলামী সমাবেশ করারও ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে সংগঠনটির কার্যকরী সদস্য মাহমুদুল আলম বলেন, কাদিয়ানিরা কাফির। যারা তা বিশ^াস করবে না তারাও কাফির। বিশে^র বিভিন্ন দেশে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করা হয়েছে। আমাদের দাবি এ দেশেও কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করতে হবে। তারা মুসলিম নাম ব্যবহার করে মুসলমানদের ধোকা দিচ্ছে।
সংগঠনটির কার্যকরী সদস্য আব্দুল হান্নান জানান, কাদিয়ানিরা তাদের ভ্রান্ত মতবাদ সমাজে ছড়িয়ে দিচ্ছে। তাই আমাদের ঈমানি দায়িত্ব তাদের প্রতিহত করা। তারা এদেশে সংখ্যালঘু হিসেবে বসবাস করুক আমাদের কোন আপত্তি নেই। তবে তাদের আহমদিয়া মুসলিম জামাত নামের পাশ থেকে মুসলমি শব্দটি বাদ দিতে হবে।
সম্মিলিত খতমে নবুওয়ত সংরক্ষণ পরিষদের আহবায়ক মুফতি আনম আব্দুল করিম জানান, যারা আমাদের নবী হযরত মুহাম্মদ (সা) কে অস্বীকার করে তাদের নামে মুসলিম শব্দটি থাকতে পারে না। এছাড়া তারা মুসলমানদের বিভ্রান্ত করে চলেছে। তাই আমাদের দায়িত্ব তাদের প্রতিহত করা। আমাদের দাবি মানা না হলে সকল তৌহিদী জনতা কঠোর আন্দোলন গড়ে তুলবে।
উল্লেখ্য, পঞ্চগড়ের আহমদ নগর এলাকায় পাশাপাশি স্থানে দুই পক্ষই একই সময়ে জনসমাবেশের ঘোষণা দেয়ায় ওই এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে। এতে যে কোন সময় বড় ধরণের সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা।