দিনাজপুরের ঘোড়াঘাটে ইউ’পি চেয়ারম্যানসহ ৬ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। এ সময় জুয়ার আসর থেকে নগদ ৩ লক্ষ ৯৪ হাজার ৭শ ৫৫টাকা , ৩টি মোটর সাইকেল ও ৫টি মোবাইল জব্দ করা হয়েছে।
রবিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার নারায়নপুর ব্রিজ সংলগ্ন একটি বাড়ি থেকে জুয়া খেলা অবস্থায় তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউ’পি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিন্টু (৫২), সদর উপজেলার মধ্যপাড়া গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে হুমায়ুন কবীর (৬৩), সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নকলা শেরপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে শহিদুল ইসলাম (৪২), দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রামপাড়া গ্রামের নাজিম উদ্দিনের ছেলে শামীম মিয়া (৪৫), বিন্যাগাড়ী গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে রাহেনুল ইসলাম রানু (৪৫) ও কশিগাড়ী গ্রামের মৃত ভূষণ সরকারের ছেলে শ্রী বকুল সরকার (৪৫)।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জুয়া খেলার সময় ঘটনাস্থল থেকে জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম, নগদ অর্থ ও মালামালসহ তাদেরকে আটক করে সোমবার সকালে দিনাজপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।