যশোর ব্যুরো : যশোরে ইজাজুল ইসলাম বাপ্পী নামের এক মাদ্রাসা ছাত্র প্রায় দেড় মাস যাবত নিখোঁজ রয়েছে। ৮ জানুয়ারি নিখোঁজের পর তার বাবা যশোর কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী মনিরুজ্জামান থানায় একটি ছেলে হারানোর সাধারণ ডাইরী করেছেন। ছেলের সন্ধান না পেয়ে মঙ্গলবার প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন মাধ্যমে পরিবার সবার সহযোগিতা কামনা করেছেন। সংবাদ সম্মেলনে কারারক্ষী মনিরুজ্জামান তার লিখিত বক্তব্যে বলেন,তার ১৫ বছর বয়সী ছেলে ইজাজুল ইসলাম বাপ্পী যশোর রাজারহাট রামনগর ইসলামী মাদ্রাসায় লেখাপড়া করত । গত ৮ জানুয়ারি শহরের বাবলাতলা বাসা থেকে সে মাদ্রাসার উদ্দেশ্যে বের হয়।
কিন্তু ১০ জানুয়ারি মাদ্রাসায় খোঁজ নিয়ে জানতে পারেন বাপ্পি সেখানে যায়নি। অর্থাৎ মাদ্রাসায় যাওয়ার পথেই নিখোঁজ হয় বাপ্পি। এরপর বিভিন্ন আত্মীয়-স্বজনের বাসায়, বাপ্পির বন্ধুদের বাসায় এবং তার আগের মাদ্রাসা কুষ্টিয়ার ফজলুল করিম রেলস্টেশন মাদ্রাসাতেও খবর নেয়া হয়। কোথায় বাপ্পির সন্ধান না পেয়ে গত ১০ জানুয়ারি তিনি যশোর কোতোয়ালি মডেল থানায় একটি জিডি করেন। কিন্তু আজও বাপ্পির কোন খবর মেলেনি। নিখোঁজ হওয়ার সময় বাপ্পির পরনে ছিল মিষ্টি কালারের একটি পাঞ্জাবি ও পায়জামা। সে সব সময় চোখে চশমা ব্যবহার করে। উচ্চতা আনুমানিক ৫ ফুট, মাথার চুল কালো ও ছোট, মুখমন্ডল গোলাকার, গায়ের রং শ্যামলা পরিষ্কার। সংবাদ সম্মেলন থেকে বাপ্পির দেখা পেলে সন্ধান দেয়ার জন্য সকলকে অনুরোধ জানিয়েছেন তার পরিবার।