দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত বলিউড অভিনেত্রী সোনালি বেন্দ্রে। প্রথম থেকেই এ খবর গোপন করেননি তিনি। চিকিত্সার প্রতিটি ধাপ, কেমন আছেন, সব খবরই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। পুরোপুরি সুস্থ না হলেও এর মধ্যেই শুটিং ফ্লোরে ফিরলেন তিনি।
‘অনেক কিছু ঘটে যাওয়ার পর সেটে ফিরলাম।… কাজে ফিরতে পেরে ভাল লাগছে। ফিরতে পেরে কেমন লাগছে সেটা বলে বোঝাতে পারব না। কাজেই তো ফিরতে চেয়েছিলাম।…’ সোশ্যাল মিডিয়ায় নিজের শুটিংয়ের ছবি দিয়ে লিখেছেন সোনালি। সম্ভবত কোনও বিজ্ঞাপনের শুটিং করলেন নায়িকা।
আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, ক্যানসারে আক্রান্ত হওয়ার পর থেকে ক্রমাগত লড়াকু মানসিকতার পরিচয় দিয়েছেন সোনালি। পরিবারকে ছাড়া নিউ ইয়র্কে চিকিত্সার জন্য থেকেছেন দীর্ঘ দিন। হৃতিক রোশন, সুজান খান, অনুপম খের, প্রিয়াঙ্কা চোপড়া, ঋষি কাপুর, নীতু কাপুরের মতো তারকারা সে সময় সোনালির সঙ্গে দেখা করে তাকে সাহস দিয়েছেন।
মুম্বাই ফিরে আসার পরও পাশে পেয়েছেন সকলকে। চুল কেটে ফেলতে হয়েছে। কেমোথেরাপির কষ্টও হাসিমুখে সহ্য করেছেন। এবার ফিরলেন শুটিংয়ে। হার না মানা লড়াইয়ে সোনালির পাশে রয়েছেন অনুরাগীরাও। তার আরোগ্য কামনা করেছেন সকলে।
