নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর সেতুর পশ্চিম ঢালে ফিল্মি স্টাইলে একটি প্রাইভেটকার আটকে অস্ত্রের ভয় দেখিয়ে সাড়ে ৩২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার হয়েছেন শিকার কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকার কাপড় ব্যবসায়ী মনির হোসেন।
বৃহস্পতিবার (১ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে তাকে বহনকারী ওই প্রাইভেটকারটি সাজেদা হাসপাতালের সামনে এলে ছয়টি মোটরসাইকেলে করে আসা আট সশস্ত্র ছিনতাইকারী গতিরোধ করে।
পরে হাতুড়ি দিয়ে গাড়ির গ্লাস ভেঙে ফেলে এবং অস্ত্রের ভয় দেখিয়ে গাড়িতে রাখা ৩২ লাখ ৫০ হাজার টাকা লুটে নিয়ে দ্রুত পালিয়ে যায়। পালানোর সময় সশস্ত্র ছিনতাইকারীরা কয়েক রাউন্ড ফাঁকা গুলিও ছোড়ে।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম বলেন, রাজধানীর একটি মার্কেটে দোকান কেনার জন্য ৩২ লাখ ৫০ হাজার টাকা নিয়ে মনির হোসেন ও তার শ্যালক ইমরান ঢাকায় আসেন।
কিন্তু বৃহস্পতিবার ওই দোকান কিনতে না পেরে তারা সেই টাকা নিয়ে সন্ধ্যায় কুমিল্লা ফিরছিলেন। তাদের বহন করা প্রাইভেটকারটি সিদ্ধিরগঞ্জ সাজেদা হাসপাতালের সামনে এলে ছয়টি মোটরসাইকেলে করে আসা আট সশস্ত্র ছিনতাইকারী হাতুড়ি দিয়ে গাড়ির গ্লাস ভেঙে ফেলে।
পরে অস্ত্রের ভয় দেখিয়ে গাড়িতে রাখা ৩২ লাখ ৫০ হাজার টাকা লুটে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।
র্যাব-১১ অতিরিক্ত পুলিশ সুপার মো: আলেপ উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, কারা এ ঘটনা ঘটিয়েছে তাদের শনাক্তের চেষ্টা সহ এ ব্যাপারে তদন্ত চলছে।
তিনি আরো বলেন, মনির হোসেন আদৌ ব্যবসায়ী কিনা এবং ছিনতাই হওয়া এই বিপুল পরিমান নগদ টাকার উৎস কি সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।