ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এক ফ্রিজ ও দুই লাইটে বিদ্যুৎ বিল ১০ লাখ টাকা

দুলাল মিয়ার বৈদ্যুতিক মিটার থেকে ঘরে ব্যবহার হয়েছে একটি ফ্রিজ ও দুইটি বাল্ব। এতেই তার এক মাসের বিল এসেছে দশ লাখ টাকা। টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার পাথরাইলের সাহা পাড়া এলাকার ঘটনা এটি। এমন অদ্ভুত বিল তৈরি করেছে টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতির দেলদুয়ার জোনাল অফিস। একটি আবাসিক মিটারে এতো টাকা বিল দেখে বিস্মিত মিটার মালিক দুলাল মিয়া।

তিনি সাংবাদিকদের জানান, ডিসেম্বরের বিলের কাগজে উল্লেখ করা হয়েছে বর্তমান রিডিং ৯৪৫৭০ ইউনিট এবং পূর্বের রিডিং ৯৪৪০ ইউনিট। অর্থাৎ ব্যবহার দেখানো হয়েছে ৮৫১৩০ ইউনিট। এই ইউনিট ব্যবহার দেখিয়ে ডিসেম্বরে বিল তৈরি করা হয়েছে ৯ লাখ ৫৩ হাজার ৯শ’ ৪৫টাকা। জরিমানাসহ ৯ লাখ ৯৯ হাজার ৩শ ৭০টাকা।

মিটারের মালিক দুলাল মিয়া জানান, দীর্ঘদিন ধরে তিনি পল্লী বিদ্যুৎ সমিতির সদস্য। তার বাড়িতে পল্লী বিদ্যুতের মিটার রয়েছে। মিটার নম্বর ০৯২৩৩৩৪। এসএমএস হিসাব নং ১০০২০৩৩৫০২০৩০। এই মিটার থেকে একটি ফ্রিজ আর দুইটি বাল্ব ও একটি টেলিভিশন চালানো হয়। নিয়মিত ৫/৬শ টাকা বিদ্যুৎ বিল আসে। হঠাৎ দশ লাখ টাকা বিদ্যুৎ বিল দেখে দুশ্চিন্তায় পড়েছেন তিনি।

তিনি বলেন, মিটারে নভেম্বর মাসে বিল এসেছে ৪৯৫ টাকা। নভেম্বর পর্যন্ত তার সব বিল পরিশোধ হয়েছে। বিল পরিশোধের বাৎসরিক সার্টিফিকেটও (ক্লিয়ারেন্স) রয়েছে। দশ লাখ টাকা বিল দেখায় পল্লী বিদ্যুৎ কর্মচারী বিলের কাগজটি নিয়ে যায়। তবে বিলের কাগজ হাতে পেয়ে বিশ্বিদ্যালয় পড়ুয়া তার ছেলে নাহিদ খন্দকার ছবি তুলে রাখেন। বিলের কাগজ পল্লী বিদ্যুৎ অফিেস নিয়ে নিলেও পরবর্তীতে বিষয়টি নিয়ে ঝামেলা এড়াতে আইনের আশ্রয় নেওয়ার বথা ভাবছেন দুলাল মিয়া।

নাহিদ খন্দকার জানান, বৃহস্পতিবার দুপুরে পল্লী বিদ্যুৎ অফিসের লোক এসে বিলটি হাতে দেয়। দশ লাখ টাকা বিল দেখে আশ্চর্য হয়ে বিলের বিষয়টি পল্লী বিদ্যুতের লোককে জানান এবং বিলের কপির একটি ছবি তুলে রাখেন। পরে বিলের কপিটি বিদ্যুৎ অফিসের লোক নিয়ে নেয়।

টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতির দেলদুয়ার জোনাল অফিসের ডিজিএম বিল্পব কুমার সরকার জানান, বিষয়টি আমার জানা ছিলো না। একটি আবাসিক মিটারের এমন বিল হওয়ার কথা না। ভুল পোস্টিংয়ের কারণে এমন বিল হতে পারে। মিটার মালিকের দুশ্চিন্তার কারণ নেই। অবশ্যই বিলটি সংশোধন করে দেওয়া হবে।