ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে চুরি করে খেজুর রস খাওয়ায় কৃষককে পিটিয়ে হত্যা

যশোরে চুরি করে খেজুরের রস খাওয়ায় পিটিয়ে এক কৃষককে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

মৃত হাসেম আলী (৪৫) সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের ভাতুড়িয়া গ্রামের রহিম উদ্দীনের ছেলে।

নিহতের ছেলে আছর আলীর বরাত দিয়ে যশোর কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, বুধবার রাত সাড়ে ৭টার দিকে হাসেম আলীসহ তিন বন্ধু প্রতিবেশী আকবর আলীর খেঁজুর বাগানে চুরি করে রস খেতে যান। এ সময় মিন্টু, মান্নান, ইমরানসহ ৭-৮ জন তাকে মারধর করেন। রাত ৮টার দিকে তারা আবারো তাদের বাড়িতে হামলা করে বাড়িঘর ভাঙচুর করে। হাসেম আলী বাধা দিতে গেলে হামলাকারীরা তাকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে।

বৃহস্পতিবার সকালে চিকিৎসার জন্য ভ্যান যোগে হাসপাতালে যাওয়ার পথে হামলাকারীরা তার ভ্যান গতিরোধ করে আবারও মারধর করে। একসময় তারা হত্যার হুমকি দেয়। প্রাণের ভয়ে হাসেম আলীকে নিয়ে পরিবারের লোকজন বাড়িতে ফিরে যান। সেখানে বিনা চিকিৎসায় বিকালে তার মৃত্যু হয়।

ওসি জানান, পরিবারের লোকজন সন্ধ্যায় থানায় জানালে চাঁচড়া ফাঁড়ি পুলিশ লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেয়।