ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে চাঁদা নিতে গিয়ে দুই সাংবাদিক আটক

রাজশাহীতে কাজী অফিসে চাঁদা নিতে গিয়ে দুই কথিত সাংবাদিককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত ১০টার দিকে নগরীর উপকণ্ঠ কাটাখালির দেওয়ানপাড়া মোড়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত হলেন- আনন্দ টিভির রাজশাহী প্রতিনিধি পরিচয়দাতা নারী সাংবাদিক মমতাজ বেগম ওরফে সাথি (৩২)। তার স্বামীর নাম রাসেদুজ্জামান। অপরজন আতিকুর রহমান (২৭) বাংলাদেশ সমাচার রাজশাহী প্রতিনিধি পরিচয় দানকারী। নগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম ১২ রাস্তার মোড়ে বাড়ি ভাড়া করে থাকেন বলে জানা গেছে। সম্পর্কে তারা আপন ভাই বোন বলে পুলিশ জানায়।

কাজি মোঃ আসাদুল ইসলাম জানান, গত ১৫-২০দিন আগে সাংবাদিক পরিচয়দানকারী সাথি ও আতিকুর রহমান তার অফিসে এসে বলে, আপনি বাল্য বিবাহ্ দেন। এছাড়াও আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে আমাদের কাছে। খরচ না দিলে নিউজ করে দেবে। বিপদে পড়বেন আপনি। তাদের কথায় ভয় পেয়ে ৭০০ টাকা দেন কাজি।

কাটাখালি থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান জানান, সাংবাদিক পরিচয় দিয়ে কাজী অফিসে চাঁদাবাজির সময় তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে কাজী আসাদুল ইসলাম প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগ তুলে মামলা করেছেন।